Facebook Twitter Instagram YouTube

ব্র্যাক ব্যাংকের রিটেইল ডিপোজিট ৫০ হাজার কোটি টাকা ছাড়াল


প্রকাশের সময় : জুলাই ৯, ২০২৬, ৭:৩০ অপরাহ্ণ /
ব্র্যাক ব্যাংকের রিটেইল ডিপোজিট ৫০ হাজার কোটি টাকা ছাড়াল

দেশের ব্যাংকিং খাতে নতুন এক মাইলফলক স্পর্শ করেছে ব্র্যাক ব্যাংক। প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তির বছরে ব্যাংকটির রিটেইল ডিপোজিট ৫০ হাজার কোটি টাকার সীমা অতিক্রম করেছে। চলতি বছরের ৩০ জুন পর্যন্ত তথ্য অনুযায়ী, ব্যাংকটির রিটেইল ডিপোজিটের পরিমাণ দাঁড়িয়েছে ৫০ হাজার ৩২৪ কোটি টাকা।

ব্যাংকটির তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, গত চার বছরে তাদের রিটেইল আমানত প্রায় তিন গুণ বৃদ্ধি পেয়েছে। ২০২২ সালের জুন মাসে রিটেইল খাতে আমানতের পরিমাণ ছিল ১৭ হাজার ৫১৪ কোটি টাকা, যা চার বছরের ব্যবধানে ৫০ হাজার ৩২৪ কোটি টাকায় উন্নীত হয়েছে। এছাড়া শুধুমাত্র গত এক বছরেই এ খাতে প্রবৃদ্ধি হয়েছে ৩৮ শতাংশ।

ব্র্যাক ব্যাংক জানিয়েছে, দেশজুড়ে তাদের বিস্তৃত শাখা ও সাব-শাখা নেটওয়ার্ক এই সাফল্যের অন্যতম প্রধান চালিকাশক্তি। পাশাপাশি রিটেইল সেলস টিম এবং এজেন্ট ব্যাংকিং চ্যানেলের কার্যক্রমও আমানত বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

এই অর্জন প্রসঙ্গে ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম বলেন, প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তির বছরে রিটেইল ডিপোজিটে ৫০ হাজার কোটি টাকার মাইলফলক অতিক্রম করা তাদের জন্য অত্যন্ত গর্বের। তিনি আরও বলেন, এই অর্জন ডিজিটাল ব্যাংকিং সম্প্রসারণ এবং আরও বেশি মানুষের কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার ধারাবাহিক প্রচেষ্টার প্রতিফলন। গ্রাহকদের আস্থা এবং দেশের বিভিন্ন প্রান্তে কর্মরত সহকর্মীদের নিরলস প্রচেষ্টাই এ সাফল্যের মূল ভিত্তি। ভবিষ্যতেও উদ্ভাবনী সেবা, প্রযুক্তিনির্ভর ব্যাংকিং এবং গ্রাহককেন্দ্রিক কার্যক্রমের মাধ্যমে আরও উন্নত সেবা নিশ্চিত করতে কাজ করবে ব্র্যাক ব্যাংক।

শক্তিশালী ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক, আধুনিক ডিজিটাল ব্যাংকিং সুবিধা, উদ্ভাবনী পণ্য ও সেবা এবং গ্রাহকবান্ধব কার্যক্রমের মাধ্যমে ব্র্যাক ব্যাংক বর্তমানে দেশের অন্যতম শীর্ষ রিটেইল ব্যাংক হিসেবে অবস্থান তৈরি করেছে। প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তিতে ব্যাংকটি আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণ, গ্রাহকদের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তোলা এবং টেকসই প্রবৃদ্ধির ধারা বজায় রাখার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে।