Facebook Twitter Instagram YouTube

ইরাকি ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১২, ২০২৬, ৯:০০ পূর্বাহ্ণ /
ইরাকি ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

ইরাক থেকে চালানো কয়েকটি ড্রোন হামলার কবলে পড়েছে সৌদি আরবের গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন। হামলার ফলে পাইপলাইনটির অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে এবং কয়েকজন আহত হয়েছেন বলে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে এএফপি। এই পরিস্থিতিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কর্তৃপক্ষ পাইপলাইনটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

সৌদি জ্বালানি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএকে নিশ্চিত করেছেন যে, হামলার পর অবকাঠামোগত নিরাপত্তার খাতিরেই পাইপলাইনটি বন্ধ করা হয়েছে। রিয়াদ ও মদিনা অঞ্চলে অবস্থিত এই পাইপলাইনটি সৌদি আরবের পূর্বাঞ্চল থেকে লোহিত সাগরের উপকূলীয় এলাকায় তেল পরিবহনের প্রধান মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়। হরমুজ প্রণালিতে তেল বাণিজ্যের চাপ কমাতে এই পাইপলাইনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমানে উপসাগরীয় অঞ্চলে তেল সরবরাহের ওপর এই পাইপলাইন বন্ধের নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এদিকে, গত ১১ সেপ্টেম্বর (শুক্রবার) ইয়েমেন সরকারের চারটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, হুতি গোষ্ঠী বাব আল-মান্দেব প্রণালির পেরিম দ্বীপে পৌঁছেছে। এর ফলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথটির ওপর তাদের নিয়ন্ত্রণ আরও সুসংহত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এমন এক সময়ে সৌদি আরবের এই গুরুত্বপূর্ণ পাইপলাইন বন্ধের ঘটনা ঘটল, যখন যুদ্ধ প্রশমনের কূটনৈতিক প্রচেষ্টাগুলো প্রায় থমকে আছে। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh