Facebook Twitter Instagram YouTube

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে বিমসটেক সভাপতি হিসেবে আমন্ত্রণ জানাল ভারত


প্রকাশের সময় : আগস্ট ৫, ২০২৬, ৬:৩১ পূর্বাহ্ণ /
ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে বিমসটেক সভাপতি হিসেবে আমন্ত্রণ জানাল ভারত

ভারতে অনুষ্ঠিতব্য ব্রিকস সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে কোন পরিচয়ে আমন্ত্রণ জানানো হয়েছে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে ব্যাখ্যা দিয়েছে ভারত সরকার। মঙ্গলবার (৪ আগস্ট) দিল্লিতে আয়োজিত নিয়মিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই তথ্য জানান।

সংবাদ সম্মেলনে এক সাংবাদিক জানতে চেয়েছিলেন, ব্রিকস সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে কি প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে, নাকি বিমসটেকের সভাপতি হিসেবে। এর জবাবে রণধীর জয়সওয়াল জানান, ব্রিকস সম্মেলনের আগে বিমসটেকের বর্তমান সভাপতি হিসেবে আউটরিচ সেশনে অংশ নেওয়ার জন্য তাকে পৃথকভাবে আমন্ত্রণ জানিয়েছে ভারত।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও জানান, নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য ১৮তম ব্রিকস সম্মেলনে প্রচলিত কূটনৈতিক রীতি মেনেই এই আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। একই পদ্ধতিতে ওই অঞ্চলের অন্যান্য নেতাদেরও আউটরিচ অধিবেশনে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

রণধীর জয়সওয়াল আরও উল্লেখ করেন, গত ফেব্রুয়ারিতে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পরপরই তাকে ভারত সফরের জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছিল। ভারত সরকারের এই স্পষ্টীকরণের মাধ্যমে ব্রিকস সম্মেলনে তারেক রহমানের আমন্ত্রণের ধরন নিয়ে চলমান বিভিন্ন আলোচনা ও জল্পনার অবসান ঘটল।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din