
নিত্যপণ্যের বাজারে চলমান অস্থিরতার মধ্যেই ভোজ্যতেলের দাম বাড়ানোর জন্য সরকারের ওপর চাপ সৃষ্টি করছেন ব্যবসায়ীরা। বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি এবং পরিবহন ব্যয় বেড়ে যাওয়ার কারণ দেখিয়ে এই প্রস্তাব দিয়েছে।
অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বাণিজ্য মন্ত্রণালয়ে দেওয়া চিঠিতে সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ১০ টাকা বাড়ানোর দাবি জানানো হয়েছিল। তাদের পরিকল্পনা অনুযায়ী, ১১ জুলাই থেকে এই নতুন দাম কার্যকর করার কথা ছিল। এ বিষয়ে মন্ত্রণালয়ের সঙ্গে ব্যবসায়ীদের বৈঠক হলেও তাৎক্ষণিকভাবে কোনো অনুমতি দেওয়া হয়নি। মন্ত্রণালয় জানিয়েছে, পরবর্তী আলোচনার মাধ্যমে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে গত ২৯ এপ্রিল বাণিজ্য মন্ত্রণালয় সয়াবিন তেলের দাম লিটারপ্রতি চার টাকা বাড়িয়েছিল। সেই সময় বোতলজাত সয়াবিন তেলের দাম ১৯৫ টাকা থেকে বেড়ে ১৯৯ টাকা এবং পাঁচ লিটারের বোতলের দাম ৯৫৫ টাকা থেকে বেড়ে ৯৭৫ টাকায় নির্ধারণ করা হয়। এছাড়া খোলা সয়াবিন তেলের দাম ১৭৬ টাকা থেকে বাড়িয়ে ১৮০ টাকা করা হয়েছিল। তবে সেই সময় খোলা পাম তেলের দাম লিটারপ্রতি ১৬৬ টাকা অপরিবর্তিত রাখা হয়েছিল। ব্যবসায়ীদের নতুন প্রস্তাব অনুযায়ী, এবার পাম তেলের দাম লিটারে ১৭ টাকা বাড়ানোর দাবি জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন :