Facebook Twitter Instagram YouTube

মন্ত্রিসভায় রদবদল নিয়ে মিশ্র প্রতিক্রিয়া, সামনে আরও পরিবর্তনের সম্ভাবনা


প্রকাশের সময় : আগস্ট ২৩, ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ণ /
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মিশ্র প্রতিক্রিয়া, সামনে আরও পরিবর্তনের সম্ভাবনা

সরকার গঠনের ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় প্রথম দফায় রদবদল সম্পন্ন হয়েছে। গত শুক্রবার রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ নেওয়ার পরপরই মন্ত্রিসভার এই পরিবর্তন কার্যকর হয়। নতুন এই রদবদলের আওতায় তিনজন পূর্ণ মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রী শপথ গ্রহণ করেছেন। এছাড়া একজন প্রতিমন্ত্রীকে পূর্ণ মন্ত্রীর মর্যাদায় উন্নীত করা হয়েছে। পাশাপাশি একজন মন্ত্রীর দপ্তর পরিবর্তন এবং আরেকজনকে মন্ত্রিসভা থেকে সরিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এই রদবদল নিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। সরকারি সংশ্লিষ্টদের একটি অংশ এটিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ছয় মাসের কর্মমূল্যায়নের প্রাথমিক ফলাফল হিসেবে দেখছেন। আবার অনেকের দৃষ্টিতে এটি কেবল কিছু শূন্য পদ পূরণ, দপ্তর পুনর্বণ্টন এবং রাজনৈতিক সমন্বয়ের একটি উদ্যোগ।

এরই মধ্যে মন্ত্রিসভা পুনর্গঠনের নতুন আলোচনা শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে আরেকটি রদবদল হতে পারে। তবে প্রশাসনিক ও রাজনৈতিক মহলের আলোচনায় এই পরিবর্তন সেপ্টেম্বর পর্যন্ত গড়ানোর সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

নতুন এই রদবদলের পর মন্ত্রিসভার কাঠামো নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। বর্তমানে সম্প্রসারণ ও দপ্তর পুনর্বণ্টনের ফলে এমন কিছু মন্ত্রণালয় রয়েছে যেখানে একই সাথে মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টা রয়েছেন। এছাড়া ছোট আকারের মন্ত্রণালয়গুলোতেও পূর্ণ মন্ত্রী ও প্রতিমন্ত্রী রাখা হয়েছে, যার যৌক্তিকতা নিয়ে আলোচনা চলছে। একই সাথে সরকারের মিতব্যয়িতার বার্তার বিপরীতে মন্ত্রিসভার আকার বৃদ্ধি পাওয়ায় কৃচ্ছ্রসাধনের প্রশ্নটিও সামনে এসেছে।

গত শুক্রবারের পরিবর্তনের পর প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার মোট সদস্যসংখ্যা দাঁড়িয়েছে ৫১ জনে। এর মধ্যে পূর্ণ মন্ত্রী ২৬ জন এবং প্রতিমন্ত্রী ২৪ জন। এছাড়া মন্ত্রিসভার বাইরে প্রধানমন্ত্রীর ১০ জন উপদেষ্টা রয়েছেন, যাদের মধ্যে ছয়জন মন্ত্রীর পদমর্যাদায় এবং পাঁচজন প্রতিমন্ত্রীর পদমর্যাদায় দায়িত্ব পালন করছেন। মন্ত্রিপরিষদ বিভাগের তালিকা অনুযায়ী, উপদেষ্টা নজরুল ইসলাম খান কৃষি এবং রুহুল কবির রিজভী শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। রাশেদ আল মাহমুদ তিতুমীর অর্থ ও পরিকল্পনা এবং ইসমাইল জবিউল্লাহ জনপ্রশাসনের দায়িত্বে রয়েছেন। এছাড়া গত ২১ আগস্ট প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়া হুমায়ুন কবির পররাষ্ট্র, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। নতুন করে মন্ত্রী পদমর্যাদায় রাজনৈতিক উপদেষ্টা হয়েছেন জহির উদ্দিন স্বপন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin