Facebook Twitter Instagram YouTube

চট্টগ্রাম-দোহাজারী রেললাইন পাঁচ ফুট উঁচু করার পরিকল্পনা রেল মন্ত্রণালয়ের


প্রকাশের সময় : জুলাই ৮, ২০২৬, ৩:৩৬ অপরাহ্ণ /
চট্টগ্রাম-দোহাজারী রেললাইন পাঁচ ফুট উঁচু করার পরিকল্পনা রেল মন্ত্রণালয়ের

টানা কয়েক দিনের ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম–কক্সবাজার রেলপথের একটি অংশ পানির নিচে তলিয়ে যাওয়ার পর এর স্থায়ী সমাধানে উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। চট্টগ্রাম থেকে দোহাজারী পর্যন্ত ৪৭ কিলোমিটার রেললাইন পাঁচ ফুট উঁচু করার পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। বুধবার সকালে চট্টগ্রামের ষোলশহর এলাকায় ক্ষতিগ্রস্ত রেললাইন পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, যাত্রীদের ভোগান্তি কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই ৪৭ কিলোমিটার অংশ উঁচু করা সম্ভব হলে অতিবৃষ্টিতেও আর রেললাইন তলিয়ে যাবে না এবং ট্রেন চলাচল স্বাভাবিক রাখা সম্ভব হবে। প্রকল্পটি বর্তমানে টেন্ডার প্রক্রিয়ায় রয়েছে এবং দ্রুত এর কাজ শুরু হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এটি বাস্তবায়িত হলে এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে।

এদিকে টানা বর্ষণের ফলে চট্টগ্রাম–কক্সবাজার রেলপথের ষোলশহর ও জানআলীহাট স্টেশনের মধ্যবর্তী প্রায় ৫০০ মিটার এলাকা পানির নিচে তলিয়ে গেছে। এর ফলে বুধবার থেকে এই রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। বাংলাদেশ রেলওয়ের তথ্যমতে, মঙ্গলবার থেকে ওই অংশের রেললাইন প্রায় দুই ফুট পানির নিচে ছিল, তবে বুধবার পরিদর্শনের সময় পানির উচ্চতা প্রায় দেড় ফুট পাওয়া গেছে। রেলওয়ে কর্তৃপক্ষ আশ্বস্ত করেছে যে, লাইনটির কোনো কাঠামোগত ক্ষতি হয়নি। এছাড়া যেসব যাত্রী আগে টিকিট কেটেছেন কিন্তু এখন ভ্রমণ বাতিল করতে চান, তারা নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট স্টেশনের কাউন্টার থেকে টিকিটের অর্থ ফেরত নিতে পারবেন।