Facebook Twitter Instagram YouTube

দীর্ঘ বিরতির পর আবার চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট


প্রকাশের সময় : জুলাই ২৭, ২০২৬, ৮:১৬ পূর্বাহ্ণ /
দীর্ঘ বিরতির পর আবার চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

দীর্ঘ এক বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা-ঢাকা সরাসরি ফ্লাইট। রোববার দিবাগত রাত (২৭ জুলাই) ২টা ২৫ মিনিটে এই রুটের প্রথম ফ্লাইটটি ঢাকা থেকে জাপানের নারিতার উদ্দেশে ছেড়ে যায়।

নতুন করে এই রুটটি চালুর পর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ভবিষ্যতে এই রুট আর বন্ধ হওয়ার কোনো সুযোগ নেই। এবার রুটটি লাভজনক হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। ইতোমধ্যে উদ্বোধনী ফ্লাইটের পাশাপাশি ফিরতি ও পরবর্তী ফ্লাইটগুলোর বুকিংও সম্পন্ন হয়েছে। সরাসরি ফ্লাইট চালু হওয়ায় জাপানপ্রবাসী বাংলাদেশিদের মধ্যেও ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে।

ঢাকা-নারিতা ফ্লাইট চালুর বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানান, বর্তমানে উড়োজাহাজের কিছু সংকট থাকলেও ২০৩৪ সালের মধ্যে বিমানের বহরে ৫০টি উড়োজাহাজ যুক্ত করার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। তিনি বলেন, আমরা ১৪টি বোয়িং কেনার বিষয়ে চুক্তি সই করেছি এবং আরও ১০টি এয়ারবাস ক্রয় করা হবে। এর পাশাপাশি ১০টি এয়ারক্রাফট লিজ নেওয়া হবে।

বিমান প্রতিমন্ত্রী আরও স্পষ্ট করেন যে, ঢাকা-নারিতা-ঢাকা ফ্লাইটটি অতীতে লোকসানের কারণে বন্ধ হয়নি, বরং লাভজনক অবস্থায় থাকা সত্ত্বেও বন্ধ হয়েছিল। এবার এটি লাভজনক হবে বলেই পুনরায় চালু করা হয়েছে এবং বিমান কর্তৃপক্ষ এ বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করেছে। লিজ নেওয়া এয়ারক্রাফটগুলো বহরে যুক্ত হলে এই রুটে ফ্লাইটের সংখ্যা আরও বাড়ানো হবে। এর আগে, অপারেশনাল ও বাণিজ্যিক চ্যালেঞ্জের কারণ দেখিয়ে ২০২৫ সালের ১ জুলাই থেকে ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh