Facebook Twitter Instagram YouTube

আধুনিক বাংলাদেশের জনক শহীদ জিয়াউর রহমান: ডা. জাহিদ হোসেন


প্রকাশের সময় : জুলাই ২৭, ২০২৬, ৯:১৭ পূর্বাহ্ণ /
আধুনিক বাংলাদেশের জনক শহীদ জিয়াউর রহমান: ডা. জাহিদ হোসেন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সমাজকল্যাণ বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন দেশের অন্যতম দূরদর্শী ও দেশপ্রেমিক নেতা, যার হাতেই আধুনিক বাংলাদেশের ভিত্তি রচিত হয়েছিল। তিনি বলেন, মাত্র সাড়ে তিন বছরের শাসনামলে জিয়াউর রহমান দেশের প্রতিটি খাতে যুগান্তকারী উন্নয়ন এবং সার্বভৌমত্ব সুরক্ষায় ঐতিহাসিক ভূমিকা পালন করে গেছেন।

রাজধানীর কাকরাইলে অবস্থিত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে জেটেব আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. জাহিদ হোসেন আরও বলেন, বিগত স্বৈরাচারী শাসনের অবসান হওয়ার পর দীর্ঘ ১৯ বছর পার করে দেশে জনগণের প্রত্যক্ষ ভোটে একটি গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার জনগণের প্রত্যাশা পূরণে আন্তরিকভাবে বদ্ধপরিকর। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, দেশে স্বৈরাচারের পুনরুত্থান ঠেকিয়ে সুশাসন, ন্যায়বিচার ও মানবিক সমাজ প্রতিষ্ঠা করা হবে।

জুলাই গণঅভ্যুত্থানের শহীদ, পঙ্গুত্ববরণকারী এবং অতীতে গুম ও নির্যাতনের শিকার নেতাকর্মীদের পরিবারের পুনর্বাসন ও সহায়তার বিষয়ে তিনি জানান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়াধীন একটি বিশেষ অধিদপ্তর ইতোমধ্যেই কাজ শুরু করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের পাশে দাঁড়াতে সরকার সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।

অনুষ্ঠানে জেটেবের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মো. ফখরুল আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এ বি এম রুহুল আমীন আকন্দের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ও বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। সভায় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শহীদ পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh