Facebook Twitter Instagram YouTube

উত্তরপ্রদেশে এক যুবককে তিন তরুণীর বিয়ের ভিডিও ভাইরাল


প্রকাশের সময় : জুলাই ২৭, ২০২৬, ৯:৪৭ পূর্বাহ্ণ /
উত্তরপ্রদেশে এক যুবককে তিন তরুণীর বিয়ের ভিডিও ভাইরাল

ভারতের উত্তর প্রদেশের আমরোহা জেলার ধোরিয়া গ্রামের এক যুবককে তিন তরুণীর বিয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে দেখা যায়, একটি মন্দিরে ঐতিহ্যবাহী হিন্দু রীতিতে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হচ্ছে। সেখানে বরকে অগ্নিকে সাক্ষী রেখে সাত পাক ঘুরতে এবং তিন কনের প্রত্যেকের সিঁথিতে সিঁদুর পরিয়ে দিতে দেখা যায়।

বিয়ে করা এই তিন তরুণীর নাম সরোজ, সাবিত্রী ও সন্তোষ। তাদের মধ্যে সরোজ বি-টেক পড়ছেন এবং সাবিত্রী ও সন্তোষ দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন। স্থানীয়ভাবে জানা গেছে, সরোজ ও সাবিত্রী আপন বোন এবং সন্তোষ তাদের কাজিন। বরের নাম বিকাশ, যিনি ‘ভিক্কু’ নামেও পরিচিত। তিনি দীর্ঘদিন ধরে ওই তিন তরুণীর সামাজিক যোগাযোগমাধ্যমের ভিডিও ধারণ করতেন এবং গত ছয় মাস ধরে বিভিন্ন ভিডিওতে তাদের অনস্ক্রিন স্বামীর চরিত্রে অভিনয় করছিলেন।

প্রাথমিকভাবে অনেকেই এটিকে সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয়তা পাওয়ার জন্য সাজানো নাটক বলে ধারণা করলেও, পরে চারজনই এটি বাস্তব বিয়ে বলে দাবি করেন। তরুণীদের ভাষ্যমতে, তারা ছোটবেলা থেকেই একসঙ্গে বড় হয়েছেন এবং বিয়ের পর আলাদা হয়ে যাওয়ার কথা চিন্তা করে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। পরিবারের পক্ষ থেকে আলাদা পাত্রের সঙ্গে বিয়ের আয়োজন করা হলে তারা আত্মহত্যার কথাও ভেবেছিলেন। শেষ পর্যন্ত তারা একসঙ্গেই থাকার সিদ্ধান্ত হিসেবে একই ব্যক্তিকে বিয়ে করেছেন। বিকাশ জানান, তিনি তরুণীদের গভীর সম্পর্কের বিষয়টি বুঝতে পেরে তাদের ইচ্ছাকে সম্মান জানিয়ে বিয়েতে রাজি হয়েছেন।

হাসানপুর এলাকার মা চামুণ্ডা মন্দিরে এই বিয়ের ভিডিও ধারণ করা হয়েছে বলে দাবি করা হলেও, মন্দির কর্তৃপক্ষ এ বিষয়ে জানার কথা অস্বীকার করেছে। তাদের বক্তব্য, সংস্কার কাজের জন্য সে সময় মন্দিরে কোনো পুরোহিত বা কর্মী উপস্থিত ছিলেন না। এদিকে, ভিডিওটি ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কয়েকটি হিন্দু সংগঠন বিয়ের বৈধতা ও ধর্মীয় আচার নিয়ে প্রশ্ন তুলেছে।

উল্লেখ্য যে, ভারতের হিন্দু বিবাহ আইন, ১৯৫৫ অনুযায়ী বহুবিবাহ নিষিদ্ধ। আইনের ধারা ৫ অনুযায়ী, একজন হিন্দু পুরুষ একই সময়ে একাধিক নারীকে আইনগতভাবে বিয়ে করতে পারেন না। এছাড়া ভারতীয় ন্যায় সংহিতা-এর ধারা ৮২ অনুযায়ী বহুবিবাহের অভিযোগে ফৌজদারি অপরাধও হতে পারে। তবে এই বিয়েটি আইনগতভাবে বৈধ নাকি প্রতীকী, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin