Facebook Twitter Instagram YouTube

জুডিসিয়াল সার্ভিসে ২৫০ পদে নিয়োগ: আবেদন শুরু ৬ আগস্ট


প্রকাশের সময় : জুলাই ২৭, ২০২৬, ৮:৩০ পূর্বাহ্ণ /
জুডিসিয়াল সার্ভিসে ২৫০ পদে নিয়োগ: আবেদন শুরু ৬ আগস্ট

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন সচিবালয় ১৯তম বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষা, ২০২৬-এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে জুডিসিয়াল সার্ভিসের প্রবেশ পদ হিসেবে সহকারী জজ (সিভিল জজ) পদে মোট ২৫০ জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে। তবে প্রয়োজনে কমিশন পদসংখ্যা হ্রাস বা বৃদ্ধি করার ক্ষমতা সংরক্ষণ করে।

নিয়োগপ্রাপ্তরা জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেল, ২০১৬ অনুযায়ী ৩০,৯৩৫ থেকে ৬৪,৪৩০ টাকা স্কেলে বেতন পাবেন। পাশাপাশি সরকারি বিধি মোতাবেক অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

আবেদনের জন্য প্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) অথবা আইন বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। এছাড়া কোনো স্বীকৃত বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে তিন বছর মেয়াদি স্নাতক ডিগ্রিসহ স্নাতকোত্তর ডিগ্রিধারীরাও আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে প্রার্থীকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ অর্জন করতে হবে। আইন বিষয়ের শেষ বর্ষের পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরাও শর্তসাপেক্ষে এই নিয়োগ পরীক্ষায় অংশ নিতে পারবেন।

আবেদনকারীর বয়স ১ জুলাই ২০২৬ তারিখে সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। বয়স নির্ধারণের ক্ষেত্রে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষার সনদকে ভিত্তি হিসেবে গণ্য করা হবে।

নিয়োগ পরীক্ষাটি তিনটি ধাপে অনুষ্ঠিত হবে। প্রাথমিক পরীক্ষায় ১০০ নম্বরের এমসিকিউ থাকবে, যেখানে প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে এবং পাসের জন্য ৫০ নম্বর পেতে হবে। অক্টোবরের প্রথম সপ্তাহে প্রাথমিক পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর ১,০০০ নম্বরের লিখিত পরীক্ষায় গড়ে ৫০ শতাংশ নম্বর পেলে উত্তীর্ণ হওয়া যাবে। সবশেষে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষায় ন্যূনতম ৫০ নম্বর পেতে হবে। প্রাথমিক, লিখিত ও মৌখিক সব পরীক্ষা ঢাকা মহানগরে অনুষ্ঠিত হবে।

আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত ‘BJSC Form I’ পূরণ করতে হবে। আবেদন প্রক্রিয়া ৬ আগস্ট ২০২৬ দুপুর ১২টায় শুরু হবে এবং ৬ সেপ্টেম্বর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চলবে। আবেদনের ফি হিসেবে ১,২০০ টাকা টেলিটক সংযোগের মাধ্যমে ৭ সেপ্টেম্বর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে জমা দিতে হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy