Facebook Twitter Instagram YouTube

১৫ আগস্ট উলামা মাশায়েখ সম্মেলন সফল করতে ঢাকায় প্রস্তুতি সভা


প্রকাশের সময় : আগস্ট ১১, ২০২৬, ৯:৩৩ অপরাহ্ণ /
১৫ আগস্ট উলামা মাশায়েখ সম্মেলন সফল করতে ঢাকায় প্রস্তুতি সভা

আগামী ১৫ আগস্ট অনুষ্ঠিতব্য জাতীয় উলামা মাশায়েখ সম্মেলন সফল করার লক্ষ্যে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের উদ্যোগে ঢাকায় বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১১ আগস্ট বাদ আসর বায়তুল মোকাররম উত্তর গেটসংলগ্ন আল্লামা আহমাদ শফী (রহ.) মিলনায়তনে পল্টন জোনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। পল্টন জোনের আহ্বায়ক মাওলানা আব্দুল্লাহ আল মাসঊদ খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব আল্লামা মুহিউদ্দীন রাব্বানী।

প্রধান অতিথির বক্তব্যে আল্লামা মুহিউদ্দীন রাব্বানী বলেন, খতমে নবুওয়তের আকিদা মুসলমানদের ঈমানের মৌলিক বিশ্বাসের অংশ। এই আকিদার সুরক্ষা এবং দীর্ঘদিনের জনদাবি পূরণের লক্ষ্যেই ১৫ আগস্টের এই সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, শেষ নবী অস্বীকারকারী কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি বিভিন্ন মহলে দীর্ঘদিন ধরে চলে আসছে। আমাদের বিশ্বাস, এই সম্মেলনের মাধ্যমে সেই দাবি আরও সুসংগঠিত ও জোরালোভাবে তুলে ধরা সম্ভব হবে। এটি কেবল একটি সম্মেলন নয়, বরং খতমে নবুওয়তের আকিদার প্রতি আমাদের অঙ্গীকার ও ঐক্যের প্রকাশ। তাই সম্মেলনকে সফল করতে সর্বস্তরের নেতাকর্মীকে সর্বোচ্চ শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে মাওলানা আব্দুল্লাহ আল মাসঊদ খান বলেন, খতমে নবুওয়তের চেতনা ঈমানের মূল ভিত্তি। পল্টন জোনের প্রতিটি স্তরের কর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে এবং সর্বাধিক সমাগম নিশ্চিত করার মাধ্যমে এই আন্দোলনকে চূড়ান্ত রূপ দিতে হবে। সভায় বিশেষ অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন যুগ্ম মহাসচিব মাওলানা আহমাদ আলী কাসেমী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা আব্দুল কাইয়ুম কাসেমী, সহকারী মহাসচিব মুফতি আব্দুল্লাহ ইয়াহইয়া, প্রচার সম্পাদক মাওলানা রাশেদ বিন নূর, মাওলানা ফখরুল ইসলাম এবং সহকারী প্রচার সম্পাদক মাওলানা আফসার মাহমুদ।

সভায় উপস্থিত নেতৃবৃন্দ আসন্ন সম্মেলনের প্রস্তুতির অংশ হিসেবে লিফলেট বিতরণ, জনসংযোগ এবং শীর্ষ উলামায়ে কেরামের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করেন।

একই লক্ষ্য নিয়ে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয় জামিয়া ইসলামিয়া মাখজানুল উলূম, খিলগাঁওয়ে ঢাকা মহানগর খিলগাঁও জোনের উদ্যোগে বাদ মাগরিব আরেকটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী মহাসচিব মাওলানা এনামুল হক মুসা, কেন্দ্রীয় অর্থ সম্পাদক মাওলানা ইউনুস ঢালী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আশিকুল্লাহ, কেন্দ্রীয় দাওয়াহবিষয়ক সম্পাদক মুফতি সুলতান আহমাদ এবং খিলগাঁও থানা সভাপতি মুফতি দেলোয়ার হোসাইনসহ স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh