
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানা পুলিশ ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন মোবারক হোসেন (২৬) ও নুসরাত ফারিয়া (২০)। তাদের বিরুদ্ধে প্রলোভনে ফেলে অপহরণ, মারধর, ভয়ভীতি প্রদর্শন এবং চাঁদাবাজির অভিযোগ রয়েছে। গত শনিবার (২৫ জুলাই) বিশেষ অভিযানের মাধ্যমে তাদের গ্রেপ্তার করা হয় এবং রোববার সকালে পুলিশ এ বিষয়ে গণমাধ্যমকে বিস্তারিত তথ্য জানায়।
পুলিশ জানায়, গত ২২ জুলাই মো. আনোয়ার হোসেন নামে এক ব্যক্তি বন্ধুদের সঙ্গে দেখা করতে কোতোয়ালি থানার কাজীর দেউরী মোড়ে যান। সেখানে চা পান করার সময় নুসরাত ফারিয়ার সঙ্গে তার পরিচয় হয়। পরিচয়ের এক পর্যায়ে নুসরাত প্রলোভন দেখিয়ে আনোয়ারকে একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে আগে থেকে ওত পেতে থাকা সহযোগীদের সহায়তায় তাকে জিম্মি ও বিবস্ত্র করে ছবি তোলা হয়। সেই ছবি প্রকাশের ভয় দেখিয়ে তার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করা হয়। শারীরিক নির্যাতন ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে অভিযুক্তরা ভুক্তভোগীর কাছ থেকে ৭ হাজার টাকা আদায় করে এবং পরে তাকে একটি গলিতে ফেলে রেখে পালিয়ে যায়।
ভুক্তভোগী আনোয়ার হোসেনের অভিযোগের ভিত্তিতে কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়। এরপর পুলিশ অভিযান চালিয়ে ভুক্তভোগীর শনাক্তের ভিত্তিতে অভিযুক্তদের গ্রেপ্তার করে। কোতোয়ালি থানার ওসি জায়েদ নুর জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা পরস্পরের যোগসাজশে বিভিন্ন ব্যক্তিকে ফাঁদে ফেলে ভয়ভীতি ও কৌশলে অর্থ আদায়ের কথা স্বীকার করেছেন।
পুলিশ গ্রেপ্তারকৃত মোবারক হোসেনকে নিয়ে অভিযান চালিয়ে একটি স্মার্টফোন, ভুক্তভোগীর মোটরসাইকেলের চাবি এবং হাত বাঁধার কাজে ব্যবহৃত একটি রশি উদ্ধার করেছে। এছাড়া মোবারক হোসেনের বিরুদ্ধে বিভিন্ন থানায় মারামারি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে আরও ৫টি মামলা বিচারাধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে। এই চক্রের সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
আপনার মতামত লিখুন :