
কক্সবাজারে টানা কয়েকদিনের ভারী বর্ষণের ফলে পাহাড়ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৯ জনে পৌঁছেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, এই মর্মান্তিক ঘটনায় প্রাণ হারানোদের মধ্যে পাঁচজন স্থানীয় বাসিন্দা এবং ১৪ জন রোহিঙ্গা রয়েছেন।
অবিরাম বৃষ্টির কারণে জেলার বিভিন্ন স্থানে পাহাড় ও বসতবাড়ির দেয়াল ধসে পড়ার ঘটনা ঘটছে। এই পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসন পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরত লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার জন্য বিশেষ অভিযান পরিচালনা করছে।
কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিস ইনতেসার নাফি জানিয়েছেন, ভারী ও থেমে থেমে বৃষ্টির কারণে পাহাড়ধসের ঝুঁকি প্রবল হয়ে উঠেছে। বিশেষ করে কক্সবাজার শহরের কলাতলীর হাজীপাড়াসহ ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে উদ্ধার কার্যক্রম জোরদার করা হয়েছে। অনেক স্থানীয় বাসিন্দা আশ্রয়কেন্দ্রে যেতে অনীহা প্রকাশ করলেও তাদের বুঝিয়ে নিরাপদ স্থানে সরিয়ে আনা হচ্ছে।
তিনি আরও জানান, জেলার প্রতিটি উপজেলায় ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসবাসকারীদের সতর্ক করতে মাইকিং করা হচ্ছে এবং সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় সব আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।
কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন জানিয়েছেন, ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সাধারণ মানুষকে সরিয়ে নেওয়ার কাজে নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), ফায়ার সার্ভিস এবং স্বেচ্ছাসেবীরা সম্মিলিতভাবে মাঠে কাজ করে যাচ্ছেন।
আপনার মতামত লিখুন :