Facebook Twitter Instagram YouTube

সাংস্কৃতিক উদ্যোগেই আধিপত্যবাদ প্রতিরোধ সম্ভব: জামায়াত আমির


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১২, ২০২৬, ৭:৩০ পূর্বাহ্ণ /
সাংস্কৃতিক উদ্যোগেই আধিপত্যবাদ প্রতিরোধ সম্ভব: জামায়াত আমির

সাংস্কৃতিক আধিপত্যবাদ বা ‘কালচারাল অ্যাগ্রেশন’ মোকাবিলায় কেবল বক্তৃতা বা প্রতিবাদের ওপর নির্ভর না করে কার্যকর সাংস্কৃতিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, দেশীয় সংস্কৃতির ধারণ, লালন ও বিকাশে আমরা কিছু ক্ষেত্রে পিছিয়ে পড়েছি, যার ফলে অপসংস্কৃতি আমাদের ওপর ভর করেছে। কেবল সাংস্কৃতিক উদ্যোগের মাধ্যমেই একটি জাতিকে সুস্থ সংস্কৃতির ওপর দাঁড় করানো সম্ভব।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) জাতীয় জাদুঘর মিলনায়তনে পবিত্র রবিউল আউয়াল উপলক্ষে ‘দেশীয় সাংস্কৃতিক সংসদ’ আয়োজিত নাতে রাসূল (সা.) ও কাওয়ালী সন্ধ্যায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের শুরুতে তিনি নাতে রাসূল (সা.) প্রতিযোগিতায় তিন গ্রুপে প্রথম স্থান অধিকারী তিন প্রতিযোগীকে পবিত্র কাবা ঘরে ওমরাহ পালনের সুযোগ করে দেওয়ার ঘোষণা দেন।

ডা. শফিকুর রহমান তার বক্তব্যে রাসূল (সা.)-এর জীবনের সাংস্কৃতিক দিকগুলো তুলে ধরেন। তিনি বলেন, রাসূলের (সা.) পুরো জীবনের দিকে তাকালে দেখা যায়, তার রাজনৈতিক কার্যক্রমের চেয়ে সাংস্কৃতিক কার্যক্রমের গুরুত্ব ছিল বেশি। সুন্দর গান মানুষের অন্তরে ঈমানের নূর জ্বালিয়ে দিতে পারে এবং অন্তরকে তরতাজা করতে পারে বলে তিনি মন্তব্য করেন। আলোচনা শেষে তিনি বিজয়ীদের সমৃদ্ধি কামনা করেন।

অনুষ্ঠানে নাতে রাসূল (সা.) প্রতিযোগিতার পুরস্কার বিতরণী, নাত ও কাওয়ালী সন্ধ্যার পাশাপাশি সিরাতগ্রন্থ, চিত্রাঙ্কন এবং হাদিস ক্যালিগ্রাফি প্রদর্শনীর আয়োজন করা হয়। এছাড়া হাদিস ক্যালিগ্রাফি প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

দেশীয় সাংস্কৃতিক সংসদের সভাপতি সাইফুল্লাহ মানছুরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও সমাজসেবক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, লেখক ও সম্পাদক আবুল আসাদ, সমাজসেবক নুরুল ইসলাম বুলবুল, ব্যারিস্টার নজিবুর রহমান, অধ্যাপক মোক্তার আলী এবং কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের চেয়ারম্যান নুরুল ইসলাম সাদ্দামসহ অনেকে। অনুষ্ঠানে দেশের জনপ্রিয় শিল্পী ও সাংস্কৃতিক সংগঠন সংগীত পরিবেশন করে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh