
বরিশাল নগরীর প্যারারা রোডে অবস্থিত দৈনিক সমকাল পত্রিকার অফিস থেকে জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। নিহত পুলক চ্যাটার্জি সমকাল পত্রিকার বরিশাল ব্যুরোর সাবেক প্রধান ছিলেন।
সমকাল পত্রিকার বর্তমান ব্যুরো প্রধান সুমন চৌধুরী জানান, ২০২৩ সালে পুলক চ্যাটার্জি ব্যুরো প্রধানের দায়িত্ব থেকে অব্যাহতি পান। তবে তিনি নিয়মিতই তার সাবেক কর্মস্থলে আসা-যাওয়া করতেন এবং পত্রিকা পড়তেন। সুমন চৌধুরী আরও জানান, শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে অফিস খুলতে গিয়ে তিনি ভেতর থেকে দরজা আটকানো দেখতে পান। ফাঁক দিয়ে উঁকি দিলে তিনি পুলক চ্যাটার্জিকে গলায় দড়ি দেওয়া অবস্থায় ঝুলতে দেখেন। তাৎক্ষণিকভাবে তিনি স্থানীয়দের বিষয়টি জানালে তারা পুলিশে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং মরদেহ উদ্ধার করে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার সুশান্ত সরকার জানান, বিষয়টি প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে বিস্তারিত তদন্তের পরই প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। পুলিশ জানিয়েছে, সিআইডি টিম এ বিষয়ে তদন্ত করবে।
পুলক চ্যাটার্জির মৃত্যুতে বরিশালের গণমাধ্যম অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তার সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা ঘটনাস্থলে ভিড় করেন এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান। উল্লেখ্য, পুলক চ্যাটার্জি বরিশাল প্রেসক্লাবের বর্তমান কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন।
আপনার মতামত লিখুন :