Facebook Twitter Instagram YouTube

এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু করবে সরকার


প্রকাশের সময় : নভেম্বর ২৯, ২০২৬, ৮:৫৭ পূর্বাহ্ণ / ০
এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু করবে সরকার

দেশের প্রায় ৩ কোটি ৮০ লাখ মানুষ বিভিন্ন ধরনের কিডনি রোগে আক্রান্ত। এদের অনেকেই রোগের দীর্ঘমেয়াদি ক্ষতির বিষয়ে অবগত নন। এই স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় সরকার আগামী এক বছরের মধ্যে দেশের ৬৪টি জেলায় ডায়ালাইসিস সেবা চালু করার উদ্যোগ নিয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) বিকেলে রাজধানীর মিরপুরে কিডনি ফাউন্ডেশন হাসপাতালে আয়োজিত এক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এ কথা জানান। ‘ইন্টারন্যাশনাল ফেডারেশন অব কিডনি ফাউন্ডেশনস-ওয়ার্ল্ড কিডনি অ্যালায়েন্স’ এই সম্মেলনের আয়োজন করে।

প্রতিমন্ত্রী জানান, প্রাথমিক স্বাস্থ্যসেবার আওতায় ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের পাশাপাশি কিডনি রোগকেও প্রাথমিক পর্যায়ে শনাক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সরকারের এক লাখ স্বাস্থ্যকর্মী উপজেলা পর্যায়ে এই রোগ শনাক্তকরণে কাজ করবেন। এছাড়া কিডনি সেবা সারা দেশে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে দক্ষ জনবল তৈরির জন্য সরকারি ও বেসরকারি সংস্থার সহায়তায় প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।

ড. মুহিত আরও বলেন, আগামী দুই-তিন বছরের মধ্যে বিশেষজ্ঞ চিকিৎসক, বিশেষায়িত নার্স এবং মেডিকেল টেকনোলজিস্টদের সমন্বয়ে জেলা পর্যায়ে পূর্ণাঙ্গ কিডনি সেবা নিশ্চিত করা হবে। কিডনি রোগ, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ—এই তিনটি রোগের সব ধরনের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর।

কিডনি ফাউন্ডেশন হাসপাতালের প্রতিষ্ঠাতা ডা. হারুন-উর-রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব কিডনি ফাউন্ডেশনস-ওয়ার্ল্ড কিডনি অ্যালায়েন্সের সভাপতি অধ্যাপক আলেসান্দ্রো বালদুচ্চি বক্তব্য দেন। এছাড়া কিডনি ফাউন্ডেশন বাংলাদেশের নবনির্বাচিত সভাপতি অধ্যাপক দিনা আবদেল লতিফ ও মহাসচিব অধ্যাপক রুহুল আমিন রুবেলও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din