
দেশে ডেঙ্গুর সংক্রমণের ঊর্ধ্বগতি সামাল দিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সব হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য শয্যা বাড়ানোর নির্দেশ দিয়েছে। বিশেষ করে রাজধানী ঢাকার হাসপাতালগুলোতে বাড়তি শয্যা প্রস্তুত রাখার জন্য জোর দেওয়া হয়েছে। রোববার (৪ অক্টোবর) সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় দেশের বর্তমান ডেঙ্গু পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং এই নির্দেশনা দেওয়া হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার পরিচালক অধ্যাপক ডা. নুরুল ইসলাম জানিয়েছেন, রাজধানী ঢাকাতেই ডেঙ্গু রোগীর চাপ সবচেয়ে বেশি। সরকারি হাসপাতালগুলো সাধারণত রোগী ফিরিয়ে দেয় না, তবে রোগীর সংখ্যা শয্যা সক্ষমতা ছাড়িয়ে গেলে জনদুর্ভোগ বাড়ে। এ পরিস্থিতি এড়াতে ঢাকার বাইরের হাসপাতালগুলোকেও প্রয়োজন অনুযায়ী রোগী গ্রহণের জন্য প্রস্তুত রাখা হচ্ছে।
নির্দেশনার অংশ হিসেবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কিছু রোগী জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তরের ব্যবস্থা করা হবে। একই সঙ্গে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে স্থাপিত ফিল্ড হাসপাতালটি চালুর বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। এছাড়া মুগদা মেডিকেল কলেজ হাসপাতালকে শয্যা সংখ্যা বাড়াতে বলা হয়েছে এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিবর্তে কুর্মিটোলা মাল্টিডিসিপ্লিনারি হাসপাতালকে রাজধানীর বাইরে থেকে আসা রোগীদের চিকিৎসার জন্য প্রস্তুত রাখার সিদ্ধান্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ৬ অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯০ হাজার ৩৫৬ জন। এই সময়ে মৃত্যু হয়েছে ২৮১ জনের। আক্রান্তদের মধ্যে ৬২ দশমিক ৩ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ৭ শতাংশ নারী।
আপনার মতামত লিখুন :