Facebook Twitter Instagram YouTube

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১১০


প্রকাশের সময় : সেপ্টেম্বর ৩, ২০২৬, ৬:০৮ পূর্বাহ্ণ / ০
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১১০

দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১১০ জন ডেঙ্গু রোগী। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৭ জনে। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫ জনের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় দুজন, ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকায় দুজন এবং বরিশাল বিভাগে একজন রয়েছেন।

চলতি বছরের এ পর্যন্ত ডেঙ্গুতে মারা যাওয়া ১০৭ জনের মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে আগস্ট মাসে—৪৩ জন। এছাড়া চলতি সেপ্টেম্বর মাসের প্রথম দুই দিনেই মারা গেছেন ১০ জন। এর আগে জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ১ হাজার ১১০ জনকে নিয়ে চলতি বছর মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৮ হাজার ২৮ো জনে। অপরদিকে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৪৮ জন। এ নিয়ে চলতি বছরে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৫ হাজার ৪৩৩ জন ডেঙ্গু রোগী।

গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন বিভাগে নতুন আক্রান্তদের ভর্তির চিত্র বিশ্লেষণ করে দেখা গেছে, সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে ৪৪০ জন। এছাড়া খুলনা বিভাগে ১৯০ জন, চট্টগ্রামে ১৭৫ জন, বরিশালে ১১০ জন, রাজশাহীতে ৯১ জন এবং ময়মনসিংহ বিভাগে ৬৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৮ হাজার ২৮০ জনে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy