Facebook Twitter Instagram YouTube

ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক ১


প্রকাশের সময় : আগস্ট ১৫, ২০২৬, ৩:০৩ অপরাহ্ণ /
ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক ১

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদৎ বার্ষিকীতে শ্রদ্ধা নিবেদনের জন্য রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় আসা এক ব্যক্তিকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। শনিবার (১৫ আগস্ট) এলাকাটিতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার বলয় গড়ে তোলার মধ্যে ফুল দিতে এলে তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য আটক ব্যক্তিকে নিকটস্থ থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

ধানমন্ডি থানার ওসি ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, আটক ব্যক্তি টাঙ্গাইলের বাসিন্দা এবং তিনি যুবলীগের সক্রিয় কর্মী। ওসি বলেন, “তিনি সেখানে ফুল দিতে এসেছিলেন, তার বাড়ি টাঙ্গাইলে। নিরাপত্তার স্বার্থে আমরা আটক করেছি। আমরা এখানে নিরাপত্তার জন্য দায়িত্ব পালন করছি।”

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার বার্ষিকীর আগে বৃহস্পতিবার থেকেই ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বর্তমানে মিরপুর রোড দিয়ে ৩২ নম্বরে ঢোকার মুখে ব্যারিকেড দেওয়া হয়েছে এবং রাস্তার পশ্চিম প্রান্তেও লোহার ব্যারিকেড বসানো হয়েছে। এছাড়া ব্রিজ দিয়ে চলাচলের সুযোগও বন্ধ রাখা হয়েছে।

নিরাপত্তামূলক ব্যবস্থা হিসেবে এলাকায় জলকামান মোতায়েন করা হয়েছে এবং পুলিশ ও র‍্যাবের পাশাপাশি সাদা পোশাকেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে। বর্তমানে এলাকাটির যান চলাচল পুরোপুরি বন্ধ থাকলেও মিরপুর রোডের দিকে উৎসুক জনতার উপস্থিতি রয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin