
দেশের চলমান গ্যাস সংকটের মধ্যে সরবরাহ পরিস্থিতির উন্নতি হয়েছে। সরকারি সূত্রে জানা গেছে, আগামী বুধবার থেকে গ্যাস সরবরাহ ব্যবস্থা পুরোপুরি স্বাভাবিক হয়ে আসবে।
সূত্র জানায়, বৈরী আবহাওয়া ও অধিক বেগে বাতাস প্রবাহের কারণে সামিট এলএনজি টার্মিনালের উদ্দেশে রওনাকারী একটি এলএনজি বহনকারী জাহাজ গত ১০ আগস্ট সিঙ্গাপুর বন্দরে ফিরে যেতে বাধ্য হয়েছিল। এতে টার্মিনাল থেকে দৈনিক ৩০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কমে যায়। পরবর্তীতে ১৪ আগস্ট নতুন এলএনজি বহনকারী জাহাজ টার্মিনালে পৌঁছায়। এরপর শনিবার ভোর ৪টা থেকে গ্যাস সরবরাহ পুনরায় স্বাভাবিক হয়। বর্তমানে সামিট টার্মিনাল থেকে দৈনিক প্রায় ৪৬০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে, যা পর্যায়ক্রমে ৫০০ মিলিয়ন ঘনফুটে উন্নীত হবে।
অন্যদিকে, যান্ত্রিক ত্রুটির কারণে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়া এক্সিলারেট এনার্জি পরিচালিত এলএনজি টার্মিনালের আংশিক মেরামতের কাজ সম্পন্ন হয়েছে। বর্তমানে সেখান থেকে দৈনিক গড়ে প্রায় ৩০০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।
সব মিলিয়ে বর্তমানে উভয় টার্মিনাল থেকে সম্মিলিতভাবে দৈনিক প্রায় ৭৬০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। এর মধ্যে সামিট থেকে ৪৬০ মিলিয়ন এবং এক্সিলারেট থেকে ৩০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ পাওয়া যাচ্ছে।
আপনার মতামত লিখুন :