
মাদারীপুরের কালকিনি পৌরসভার গোপালপুর দারুসসুন্নাহ মহিলা মাদ্রাসায় হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার সকালে শিক্ষার্থীরা মাদ্রাসায় প্রবেশের পরপরই এই বিস্ফোরণ ঘটে। এতে অন্তত পাঁচজন শিক্ষার্থী আহত হয়েছে। আহতদের মধ্যে আবিদা (৮), জান্নাত (৯), মিনহা (১০) ও মাইমুনা (৯) রয়েছে। অপর এক আহত শিক্ষার্থীর নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদ্রাসার ভেতরে থাকা ইমন সরদারের বসতঘরের সামনে হঠাৎ এই হাতবোমা বিস্ফোরণ ঘটে। বিকট শব্দের এই বিস্ফোরণে আশপাশের এলাকা কেঁপে ওঠে। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করেন। এদের মধ্যে আবিদা আক্তার নামে এক শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠিয়েছেন।
ইমন সরদার বলেন, তার ঘরের সামনে কীভাবে বোমা বিস্ফোরিত হলো, তা তিনি জানেন না। মাদ্রাসার মুহতামিম হাফিজুর রহমান জানান, হঠাৎ মাদ্রাসার পাশে বোমা বিস্ফোরণের ঘটনাটি ঘটে।
খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কালকিনি থানার ওসি মো. জহিরুল আলম জানান, পুলিশ বিষয়টি তদন্ত করছে। বিস্ফোরণের কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, তা তদন্তের পর জানা যাবে।
আপনার মতামত লিখুন :