
সারা দেশে নতুন করে বাড়তি ক্রীড়া অবকাঠামো নির্মাণ না করে বিদ্যমান স্থাপনাগুলোকে স্বয়ংসম্পূর্ণ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১৪ আগস্ট) ময়মনসিংহে আন্তর্জাতিক মানের টার্ফ ‘দ্য স্পোর্টিভা’র উদ্বোধনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী জানান, গত ১২ আগস্ট প্রধানমন্ত্রীর সঙ্গে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের গৃহীত কার্যক্রম নিয়ে আয়োজিত এক সভায় তিনি এই নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে আমিনুল হক বলেন, বিদ্যমান অবকাঠামোগুলো স্বয়ংসম্পূর্ণ করার পরই কেবল নতুন করে ক্রীড়া অবকাঠামো তৈরির কথা বিবেচনা করা যাবে।
দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে একটি করে খেলার মাঠ প্রস্তুত করার সরকারি নির্বাচনী প্রতিশ্রুতির কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, জমি অধিগ্রহণ ব্যয়বহুল হওয়ায় নির্ধারিত ৮ বিঘার চেয়ে ছোট জমি পাওয়া গেলেও সেটিকে মাঠ হিসেবে প্রস্তুত করার উদ্যোগ নিতে হবে। আগামী পাঁচ বছরের মধ্যে প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। এ কাজে সংসদ সদস্য ও জেলা প্রশাসকদের উদ্যোগী ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
আমিনুল হক আরও জানান, এই লক্ষ্যেই প্রথম আসরটি সিলেট থেকে একযোগে ৬৪ জেলায় উদ্বোধন করা হয়েছিল, যা গত ২৭ জুলাই আর্মি স্টেডিয়ামে পুরস্কার বিতরণের মাধ্যমে শেষ হয়েছে। বর্তমানে ১০টি ইভেন্ট সামনে রেখে দ্বিতীয় আসরের অনলাইন নিবন্ধন চলছে।
ময়মনসিংহকে নারী ক্রীড়াবিদ তৈরির উর্বর ক্ষেত্র হিসেবে অভিহিত করে ধোবাউড়ার কলসিন্দুরের মেয়েদের প্রশংসা করেন প্রতিমন্ত্রী। এছাড়া তিনি জানান, শিগগিরই প্রধানমন্ত্রী তার বাসভবন যমুনায় সাফজয়ী নারী ফুটবল দল, নারী হকি দল, ক্রিকেট দল এবং ‘নতুন কুঁড়ি স্পোর্টসে’ পুরস্কারপ্রাপ্ত কিশোর-কিশোরী ও তাদের অভিভাবকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
আপনার মতামত লিখুন :