
দেশের সাধারণ মানুষ ও গ্রাহকরা সাম্প্রতিককালে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটের সম্মুখীন হচ্ছেন। ঢাকার বাইরের অনেক জেলায় দৈনিক ৮ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে, এমনকি গভীর রাতেও ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ থাকছে না। গ্রাহকদের অভিযোগ, বিদ্যুৎ ব্যবহারের ধরনে কোনো পরিবর্তন না আসলেও বিল অস্বাভাবিকভাবে বেড়েছে। কারো কারো ক্ষেত্রে বিল স্বাভাবিক সময়ের তুলনায় দুই থেকে তিন গুণ বেশি আসার অভিযোগও পাওয়া গেছে।
এই পরিস্থিতির প্রতিবাদে সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকায় বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে জাতীয় ছাত্রশক্তি। বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা হারিকেন ও হাঁড়ি-পাতিল হাতে নিয়ে তাদের ক্ষোভ প্রকাশ করেন। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, নাগরিক জীবনের সমস্যা সমাধানের পরিবর্তে তা দিন দিন প্রকট হচ্ছে। জুন-জুলাই মাসের বিদ্যুৎ বিল দ্বিগুণের চেয়েও বেশি আসার বিষয়টি কোনোভাবেই হিসাবযোগ্য নয় বলে তারা মন্তব্য করেন।
বিক্ষোভ সমাবেশে বক্তারা আরও বলেন, পাম্পগুলোতে গ্যাস নেই, অথচ সরকার মূল্য বৃদ্ধির পাঁয়তারা করছে। তারা একে 'জনগণের টাকায় ডাকাতি' হিসেবে অভিহিত করেন। বিদ্যুতের কোনো ব্যবহার না থাকলেও লাগামহীনভাবে বিল আসার পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির বিষয়টিও তারা তুলে ধরেন। সরকার ও প্রধানমন্ত্রীর উদ্দেশে তারা বলেন, নির্বাচিত সরকার জনগণের সব সমস্যার সমাধান করবে এবং দ্রব্যমূল্য সহনশীল থাকবে—এমন প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু বাস্তবতা ভিন্ন।
বক্তাদের দাবি, ২৪ ঘণ্টার মধ্যে ১২ ঘণ্টার ওপরে লোডশেডিং হচ্ছে।
আপনার মতামত লিখুন :