Facebook Twitter Instagram YouTube

জবিতে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, ক্যাম্পাস ছাড়তে বাধ্য হলেন ভিপি-জিএস


প্রকাশের সময় : আগস্ট ৪, ২০২৬, ৩:৩৩ অপরাহ্ণ /
জবিতে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, ক্যাম্পাস ছাড়তে বাধ্য হলেন ভিপি-জিএস

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্রদল ও ছাত্রশিবির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের জের ধরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) সহ-সভাপতি (ভিপি) রিয়াজুল ইসলাম এবং সাধারণ সম্পাদক (জিএস) আব্দুল আলিম আরিফকে ক্যাম্পাস থেকে বের করে দিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা। মঙ্গলবার (৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানের উপস্থিতিতে আয়োজিত একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে এই উত্তেজনার সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠানের ভেতরে প্ল্যাকার্ড প্রদর্শনকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে হস্তক্ষেপ করেন। সংঘর্ষের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি জকসু ভিপি রিয়াজুল ইসলামকে ক্যাম্পাসের প্রধান ফটকের দিকে নিয়ে যাচ্ছেন এবং পরবর্তীতে তাকে একটি রিকশায় তুলে দেওয়া হয়। একই কায়দায় জিএস আব্দুল আলিম আরিফকেও ক্যাম্পাসের বাইরে নিয়ে যাওয়া হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, তাদের বাইরে নিয়ে যাওয়া ব্যক্তিরা ছাত্রদলের নেতাকর্মী ছিলেন।

এই সংঘর্ষের ঘটনায় জকসু ভিপি রিয়াজুল ইসলাম, জিএস আব্দুল আলিম আরিফ, ছাত্রশক্তি ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কয়েকজন নেতাকর্মী এবং জবি প্রেসক্লাবের অর্থ সম্পাদক কামরুজ্জামান আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার পর পুরো ক্যাম্পাসে অতিরিক্ত সতর্কতা জারি করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন রাখা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে থাকলেও শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে। তবে এই ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন, ছাত্রদল কিংবা ছাত্রশিবিরের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh