
চলতি বছরের স্থগিত হওয়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশিত হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) বোর্ড কর্তৃপক্ষ এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যা পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক পারভেজ সাজ্জাদ চৌধুরীর স্বাক্ষরিত। সংশোধিত রুটিন অনুযায়ী, স্থগিত লিখিত পরীক্ষাগুলো আগামী ২০ আগস্ট (বৃহস্পতিবার) থেকে শুরু হবে।
নতুন সময়সূচি অনুযায়ী, ২০ আগস্ট ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয় পত্র পরীক্ষার মাধ্যমে স্থগিত পরীক্ষা কার্যক্রম শুরু হবে। এরপর ২২ আগস্ট তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৪ আগস্ট পদার্থবিজ্ঞান প্রথম পত্র, হিসাববিজ্ঞান প্রথম পত্র ও যুক্তিবিদ্যা প্রথম পত্রের পরীক্ষা নেওয়া হবে। ২৭ আগস্ট এসব বিষয়ের দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সূচি অনুযায়ী, ২৯ আগস্ট সকালে ভূগোল প্রথম পত্র এবং বিকেলে আরবি ও পালি প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৩১ আগস্ট সকালে ভূগোল দ্বিতীয় পত্র এবং বিকেলে আরবি ও পালি দ্বিতীয় পত্রের পরীক্ষা নেওয়া হবে। এরপর ২ সেপ্টেম্বর রসায়ন প্রথম পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র, ইতিহাস প্রথম পত্র, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন প্রথম পত্র এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসব বিষয়ের দ্বিতীয় পত্রের পরীক্ষা ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।
বোর্ডের নির্দেশনা অনুযায়ী, সকালের শিফটের পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১টা এবং বিকেলের শিফটের পরীক্ষা দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে স্ব-স্ব আসনে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্রের পরীক্ষা ৭ সেপ্টেম্বর পরীক্ষার্থীদের নিজ নিজ কলেজে অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ৯টায় মূল কেন্দ্র থেকে প্রশ্নপত্র সংগ্রহ করে কলেজের অধ্যক্ষের তত্ত্বাবধানে পরীক্ষা নেওয়া হবে। এছাড়া ব্যবহারিক পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্র সম্পর্কে বিস্তারিত জানতে পরীক্ষার্থীদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান বা কেন্দ্রের প্রধানের সঙ্গে যোগাযোগ করতে পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এ সময়সূচি পরিবর্তনের অধিকার সংরক্ষণ করে।
আপনার মতামত লিখুন :