Facebook Twitter Instagram YouTube

দিনাজপুরে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ১০ লাখ ৬৮ হাজার টাকার চেক বিতরণ


প্রকাশের সময় : আগস্ট ২৯, ২০২৬, ৯:০৪ অপরাহ্ণ /
দিনাজপুরে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ১০ লাখ ৬৮ হাজার টাকার চেক বিতরণ

দিনাজপুরে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির উদ্যোগে মৃত্যুদাবির ১০ লাখ ৬৮ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়েছে। শনিবার বিকেলে দিনাজপুর শহরের পশ্চিম বালুয়াডাঙ্গা বায়তুল ইজ্জত জামে মসজিদ ঈদগাহ মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি বিকেল ৩টায় শুরু হয়ে ৬টায় শেষ হয়।

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির এজিএম মোছা. বিউটি বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি মৃত মো. আসাদুল ইসলামের স্ত্রী মোছা. লাভলী বেগমের হাতে ১০ লাখ ৬৮ হাজার টাকার চেক তুলে দেন। মৃত আসাদুল ইসলাম শহরের পশ্চিম বালুরপাড়া এলাকার বাসিন্দা ছিলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির বগুড়া অঞ্চলের ডিজিএম (উন্নয়ন) মো. আব্দুল্লাহ আল শাকিল, দিনাজপুরের এরিয়া ইনচার্জ এভিপি মো. মাজহারুল ইসলাম, সহকারী এরিয়া ইনচার্জ মো. মাহমুদুল হাসান এবং ১০, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও সদর উপজেলা মহিলা দলের সভাপতি সায়েকা বেগম। এ সময় বীমা কোম্পানির কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh