Facebook Twitter Instagram YouTube

সন্ত্রাস ও মাদক দমনে সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ


প্রকাশের সময় : আগস্ট ২৯, ২০২৬, ৬:০১ অপরাহ্ণ /
সন্ত্রাস ও মাদক দমনে সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ

সন্ত্রাস দমনে সারা দেশে বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (২৯ আগস্ট) রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত ‘ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভা’ শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সারা দেশে অবৈধ ও লুণ্ঠিত অস্ত্র উদ্ধারের পাশাপাশি মাদক চোরাচালান, সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজি দমনে এই বিশেষ অভিযান পরিচালনা করা হবে। তিনি বলেন, গোয়েন্দা সংস্থাগুলোর ইন্টেলিজেন্স সাপোর্ট নিয়ে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং তা আরও জোরদার করার জন্য প্রয়োজনীয় পরামর্শ ও কৌশল প্রণয়ন করা হয়েছে। তবে কৌশলগত গোপনীয়তার স্বার্থে তিনি বিস্তারিত প্রকাশ করেননি।

অপরাধ দমনে পুলিশের দায়বদ্ধতার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারিদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। কোনো কর্মকর্তা এই সময়ের মধ্যে প্রত্যাশিত অগ্রগতি দেখাতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।

অনুষ্ঠানে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। এছাড়া স্বাগত বক্তব্য রাখেন পুলিশের অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খন্দকার রফিকুল ইসলাম এবং উপস্থিত ছিলেন পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (প্রশাসন) একেএম আওলাদ হোসেন।

সভার এক পর্যায়ে মন্ত্রী বিভিন্ন রেঞ্জের ডিআইজি, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, অতিরিক্ত পুলিশ কমিশনার এবং জেলার পুলিশ সুপারদের (এসপি) সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor