
দিনাজপুরের হাকিমপুর উপজেলার খট্টামাধবপাড়া ইউনিয়নে আয়োজিত বিএনপির এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে যেকোনো ধরনের ষড়যন্ত্র মোকাবিলা করার জন্য প্রস্তুত রয়েছে। শনিবার বেলা ১১টায় এই সভা অনুষ্ঠিত হয়।
বিরোধী দলের উদ্দেশে মন্ত্রী বলেন, যারা দুঃস্বপ্ন দেখছেন যে বিএনপিকে একটু নাড়া দিলেই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, তাদের জানা উচিত যে বিএনপির শেকড় জনগণের মাঝে। যারা বিএনপিকে ভয় বা চোখ রাঙানি দেখানোর চেষ্টা করছেন, তাদের গণতন্ত্রের ভাষায় কথা বলার আহ্বান জানান তিনি। জাহিদ হোসেন আরও বলেন, বিএনপি আত্মসমর্পণ করার দল নয়; শহীদ জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া জীবনে কখনো আত্মসমর্পণ করেননি।
মন্ত্রী আরও বলেন, অন্যায়ের প্রতিবাদ করা, জনগণের পক্ষে কথা বলা এবং গণতন্ত্র রক্ষা ও পুনর্প্রতিষ্ঠার লক্ষ্যেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল কাজ করে যাচ্ছে। তিনি জনগণকে ধৈর্য ধরে অপেক্ষা করার আহ্বান জানিয়ে বলেন, জনগণই পুনরায় যাকে রায় দেবে, তারাই দায়িত্বপ্রাপ্ত হয়ে দেশ পরিচালনা করার চেষ্টা করবে।
জনদুর্ভোগ সৃষ্টি না করার জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, জনগণ সবাই সজাগ এবং তারা জানে কীভাবে জনদুর্ভোগ প্রতিরোধ করতে হয়। অহেতুক বিশৃঙ্খলা সৃষ্টি থেকে বিরত থাকার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়া হোসেন শিল্পী, বিএনপির সিনিয়র সভাপতি শাহীনুর ইসলাম শাজীন, ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি আব্দুল সাত্তার মিলন, খট্রামাধবপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শামছুল ইসলাম এবং হাকিমপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেনসহ অন্যান্যরা।
আপনার মতামত লিখুন :