
ঢাকা মেডিকেল কলেজের ৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘ডিএমসি ডে-২০২৬’ অনুষ্ঠানের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১১ জুলাই) সকাল ১০টায় বেলুন ও পায়রা উড়িয়ে তিনি এই অনুষ্ঠানের সূচনা করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী এবং ঢাকা মেডিকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থী ডা. জুবাইদা রহমান।
অনুষ্ঠানের অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহ-সভাপতি ডা. জুবাইদা রহমান ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে অর্জুন ও নিম গাছের দু’টি চারা রোপণ করেন। বৃক্ষরোপণ শেষে সেখানে সূরা ফাতিহা পাঠ করা হয় এবং জুলাই আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানের পর স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী বি. জে. মীর সরোয়ার প্রধানমন্ত্রীকে ঢাকা মেডিকেল কলেজের দু’টি নতুন ছাত্রী হোস্টেল নির্মাণসংক্রান্ত প্রকল্পের তথ্য উপস্থাপন করেন। ১৯টি আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন হোস্টেল ভবন নির্মাণ প্রকল্পের আওতায় এই কাজ পরিচালিত হচ্ছে। এ সময় প্রধানমন্ত্রী নির্মাণাধীন হোস্টেল ভবনগুলোতে শিক্ষার্থীদের প্রাপ্তব্য সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।
উল্লেখ্য যে, ১৯৪৬ সালের ১১ জুলাই তৎকালীন সচিবালয় ভবন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের যাত্রা শুরু হয়েছিল। সেই থেকে প্রতিবছর ১১ জুলাই দিনটি ‘ডিএমসি ডে’ হিসেবে পালন করা হয়। প্রতিষ্ঠানটি এ বছর ৮০ বছর পূর্তি উদযাপন করছে এবং ৮১তম বছরে পদার্পণ করল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম, ড্যাব-এর প্রেসিডেন্ট অধ্যাপক ডা. হারুণ আল রশিদ, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন এবং স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।
আপনার মতামত লিখুন :