Facebook Twitter Instagram YouTube

বৃষ্টির তীব্রতা কমছে, তবে বন্যা পরিস্থিতি এখনো অপরিবর্তিত


প্রকাশের সময় : জুলাই ১২, ২০২৬, ৭:৩১ অপরাহ্ণ /
বৃষ্টির তীব্রতা কমছে, তবে বন্যা পরিস্থিতি এখনো অপরিবর্তিত

দেশের উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলের অন্তত সাত জেলায় টানা কয়েক দিনের ভারী বর্ষণে বন্যা পরিস্থিতি এখনো অব্যাহত রয়েছে। শনিবার বৃষ্টির তীব্রতা কিছুটা কমে আসায় পরিস্থিতির বড় ধরনের উন্নতি না হলেও, নতুন করে অবনতির আশঙ্কা কিছুটা কমেছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, গত তিন থেকে পাঁচ দিনে চট্টগ্রাম ও সিলেট বিভাগে সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শনিবার পর্যন্ত চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ ১৪৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সাগরে নিম্নচাপের প্রভাব এবং মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে বায়ুচাপের তারতম্য ঘটায় গত কয়েক দিনে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে। এছাড়া চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। সামগ্রিকভাবে বৃষ্টির প্রবণতা ধীরে ধীরে কমে আসবে। রোববার ও সোমবার দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি থাকলেও মঙ্গলবার থেকে তা উল্লেখযোগ্যভাবে কমে অধিকাংশ এলাকায় পরিস্থিতির উন্নতির সম্ভাবনা রয়েছে।

বর্তমানে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সাগরে বিরূপ আবহাওয়া পরিস্থিতির উন্নতি হওয়ায় দেশের চার সমুদ্রবন্দরের জন্য জারি করা তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত এবং পাহাড়ধসের সতর্কবার্তা প্রত্যাহার করা হয়েছে।