Facebook Twitter Instagram YouTube

ফুটপাত দখলমুক্ত রাখতে উচ্ছেদ অভিযান চলবে: ডিএনসিসি প্রশাসক


প্রকাশের সময় : অক্টোবর ৩, ২০২৬, ২:২৪ অপরাহ্ণ / ০
ফুটপাত দখলমুক্ত রাখতে উচ্ছেদ অভিযান চলবে: ডিএনসিসি প্রশাসক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন ঘোষণা করেছেন যে, নগরবাসীর চলাচলের সুবিধার্থে ফুটপাত দখলমুক্ত করার অভিযান অব্যাহত থাকবে। তিনি স্পষ্ট করেছেন যে, ফুটপাত উচ্ছেদ করার জন্য সিটি করপোরেশনের কাউকে কোনো কিছু জিজ্ঞেস করার প্রয়োজন নেই। শনিবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ডেঙ্গু প্রতিরোধে আয়োজিত এক বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

প্রশাসক বলেন, ফুটপাত উচ্ছেদ করতে কাউকে জানাতে হবে—এমন কোনো আইন বা বিধি থাকলে তা যেন তাকে দেখানো হয়। কিছু অসাধু ব্যবসায়ী ও হকারের কারণে নগরবাসীর স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, স্থানীয় জনগণের সহযোগিতায় সম্প্রতি মিরপুর-১০ থেকে হোপ মার্কেট পর্যন্ত দীর্ঘদিনের দখলমুক্ত করা সম্ভব হয়েছে। ফার্মগেটসহ যেসব এলাকায় ফুটপাত দখল রয়েছে, পর্যায়ক্রমে সেসব স্থানেও অভিযান চালানো হবে।

ফুটপাত দখল নিয়ে বিএনপির চাঁদাবাজির অভিযোগ প্রসঙ্গে শফিকুল ইসলাম খান বলেন, তিনি নিজেও বিএনপির একজন কর্মী এবং দলের সহকর্মীদের নিয়ে ফুটপাত দখলমুক্ত করার উদ্যোগ নিয়েছেন। তিনি আরও বলেন, যারা দলের ভেতরে-বাইরে দুষ্কৃতকারী হিসেবে কাজ করছে, তাদের কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। কিছু কুচক্রী মহল ভাবমূর্তি নষ্ট করতে চায়, তাই এ বিষয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

এদিকে, মিরপুর-১০ নম্বর এলাকার ফুটপাত দখলমুক্ত রাখতে ডিএনসিসি একটি মনিটরিং টিম গঠন করেছে। ফেসবুক পেজে এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই টিম নিয়মিত এলাকা পর্যবেক্ষণ করবে এবং ফুটপাতে কোনো দোকান বা স্থাপনা বসালে মালামাল জব্দসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে প্রশাসক জানান, স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী ডিএনসিসি এলাকায় বর্তমানে প্রায় ৮০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। ঢাকা শহরকে ক্লিন ও গ্রিন করার লক্ষ্যে গত তিন মাস ধরে প্রতি শনিবার সচেতনতামূলক কর্মসূচি পালিত হচ্ছে। তিনি নগরবাসীকে নিজেদের ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখার আহ্বান জানান, কারণ পরিষ্কার জায়গায় এডিস মশার প্রজনন সম্ভব নয়। প্রধানমন্ত্রীর ঘোষিত ৯০ দিনের কর্মসূচি অনুযায়ী মশক নিধন অভিযান চলমান রয়েছে এবং বিভিন্ন এলাকায় সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হচ্ছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy