
দেশের বিদ্যমান গ্যাস সংকট থেকে পুরোপুরি উত্তরণের জন্য প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তুলতে প্রায় দুই বছর সময় লাগতে পারে বলে জানিয়েছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, জ্বালানি সংকটের চ্যালেঞ্জ এখন স্পষ্ট এবং পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় সময় দিতে হবে।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে সিলেটে একটি কর্মশালায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় আয়োজিত এই কর্মশালায় তিনি জানান, সরকার জ্বালানি সংকট মোকাবিলায় প্রচলিত চিন্তাধারার বাইরে গিয়ে কাজ করছে। সংকট থেকে স্থায়ী সমাধানের লক্ষ্যে অবকাঠামো তৈরির কাজ সম্পন্ন করতে প্রায় দুই বছর সময়ের প্রয়োজন।
খন্দকার আব্দুল মুক্তাদির আরও বলেন, আপৎকালীন পরিস্থিতি সামাল দেওয়ার পাশাপাশি সরকার দীর্ঘমেয়াদি সমাধানের দিকেও নজর দিচ্ছে। জ্বালানি টার্মিনালের সক্ষমতা বৃদ্ধি এবং নতুন কূপ খনন করা হলে জ্বালানির ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা আসবে। এই লক্ষ্য অর্জনেও প্রায় দুই বছর সময় প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।
অর্থনৈতিক অগ্রগতির জন্য বিনিয়োগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে মন্ত্রী জানান, জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক করতে সরকার মালয়েশিয়া থেকে এলএনজি আমদানির চেষ্টাও করছে। বর্তমানে জ্বালানির দৈনিক চাহিদা সরবরাহের তুলনায় প্রায় দ্বিগুণ এবং বছরের এই সময়ে চাহিদা বেশি থাকায় সংকটটি দৃশ্যমান হয়েছে বলে তিনি ব্যাখ্যা দেন।
কর্মশালা শেষে মন্ত্রী সিলেট বন বিভাগ আয়োজিত বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধন করেন এবং কৃষিক্ষেত্রে সাফল্যের জন্য আগামী দিনের লক্ষ্য হিসেবে কৃষিকাজ থেকে পুরোপুরি রিটার্ন তুলে আনার ওপর গুরুত্বারোপ করেন।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে সিলেটের একটি হলরুমে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২৬-২৭ অর্থবছরে জেলা পর্যায়ে বার্ষিক কর্মপরিকল্পনা প্রণয়ন ও বিগত বছরের বাস্তবায়ন মূল্যায়ন বিষয়ক জেলা কর্মশালা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।
আপনার মতামত লিখুন :