
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তরের বিরুদ্ধে নির্বাচনে অবৈধ হস্তক্ষেপের গুরুতর অভিযোগ ওঠার পর তার তাৎক্ষণিক পদত্যাগ দাবি করেছেন বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকট। নতুন সরকার গঠনের দায়িত্বপ্রাপ্ত সাবেক এই সেনাপ্রধান স্পষ্ট জানিয়েছেন, নেতানিয়াহু আর এক মিনিটের জন্যও দেশের প্রধানমন্ত্রী পদে বহাল থাকতে পারেন না। সামাজিক মাধ্যম এক্স-এ এক বার্তায় তিনি বলেন, বিদায়ী প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তার ঘনিষ্ঠ মহলের সাম্প্রতিক পদক্ষেপ ইসরায়েলি গণতন্ত্রের জন্য এক বাস্তব, প্রত্যক্ষ ও তাৎক্ষণিক হুমকি হয়ে দেখা দিয়েছে।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, জাতীয় ঐক্যের সরকার গঠনের সম্ভাবনা নিয়ে দুই নেতার প্রতিনিধিদের মধ্যে বৈঠকের মাত্র কয়েক ঘণ্টার মাথায় রোববার (১৫ নভেম্বর) প্রতিপক্ষের বিরুদ্ধে এই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান আইজেনকট। ইসরায়েলের স্থানীয় সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর এক প্রতিবেদনে ফাঁস হয় যে, গত ২৭ অক্টোবরের নির্বাচনের ঠিক আগের রাতে নেতানিয়াহুর চিফ অব স্টাফ ইদো নর্ডেন পুলিশ কমিশনারের কার্যালয়ে ইউনাইটেড আরব লিস্ট (রা’আম) দলের নেতাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। নর্ডেন পুলিশকে এক 'কথিত' গোয়েন্দা তথ্যের জোগান দেন, যিনি আগে নেতানিয়াহুর দপ্তরেই কর্মরত ছিলেন।
সেই ভুয়া সূত্রের ভিত্তিতে কোনো ধরনের আদালতের পরোয়ানা ছাড়াই অন্তত ১৪ জন পুলিশ কর্মকর্তা রা’আমের তিন সদস্যের বাসভবনে চড়াও হন এবং ভোট কেনার ঘুস দেওয়ার অভিযোগে তাদের গ্রেফতার করেন। তবে অনুসন্ধানে সেই গোয়েন্দা তথ্য পুরোপুরি ভিত্তিহীন প্রমাণিত হলে গ্রেফতারকৃতদের ছেড়ে দিতে বাধ্য হয় পুলিশ। পুরো নির্বাচনের দিনজুড়ে আরব দলগুলোর বিরুদ্ধে বিদ্বেষমূলক প্রচারণা চালানোর পাশাপাশি দলটি রেকর্ড ১৯টি আসন পাওয়ার পর নেতানিয়াহু উল্টো নির্বাচনে জালিয়াতির ভিত্তিহীন দাবি তোলেন।
প্রতিবেদনে আরও প্রকাশ পায়, ভোটের দিন ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান ডেভিড জিনি নির্বাচনে হস্তক্ষেপের অজুহাতে পাঁচ ফিলিস্তিনি-ইসরায়েলি সংসদ সদস্যের ফোনে আড়ি পাতার জন্য অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আবেদন জানান। তবে সেই আবেদন সরাসরি প্রত্যাখ্যান করা হয়। সাবেক সেনাপ্রধান আইজেনকট এই পুরো ঘটনায় তাৎক্ষণিক তদন্তের নির্দেশ দেওয়ার পাশাপাশি পুলিশ ও শিন বেতের কাছ থেকে স্পষ্ট জবাবদিহি দাবি করেছেন।
রাজনৈতিক এই উত্তেজনার আবহ তৈরি হওয়ার আগে গত শুক্রবার (১৩ নভেম্বর) আইজেনকট অভিযোগ এনেছিলেন যে, নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে নির্বাচনের সময় ইসরায়েলের ফিলিস্তিনি নাগরিকদের বিরুদ্ধে 'বর্ণবাদী ও সহিংস' প্রচারণায় উসকানি দিয়েছেন নেতানিয়াহু। পরবর্তীতে শনিবার (১৪ নভেম্বর) নেতানিয়াহু জাতীয় ঐক্যের সরকারে যোগ দেওয়ার আহ্বান জানালে বিরোধীদলীয় নেতা সেই প্রস্তাবকে স্রেফ 'ধোঁকাবাজি' বলে উড়িয়ে দেন। তবে আইজেনকটের এসব অভিযোগ ও বক্তব্যকে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে 'চরম উসকানি' বলে তোপ দাগিয়েছে নেতানিয়াহুর লিকুদ পার্টি।
আপনার মতামত লিখুন :