
খুলনার রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের দুর্জনীমহল গ্রামে দুর্বৃত্তদের গুলিতে আক্তার ঢালী নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যা পৌনে সাতটার দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। আক্তার ঢালীর ছেলে জয় ঢালীকেও (২৭) এর আগে গত ১৫ আগস্ট সন্ধ্যায় একই এলাকার শহীদের মোড়ে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়েছিল। ছেলের মৃত্যুর ঠিক ৫০ দিনের মাথায় বাবাকেও একই কায়দায় হত্যা করা হলো।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সময় আক্তার ঢালী মাগরিবের নামাজ শেষে মসজিদের পাশে একটি চায়ের দোকানের বেঞ্চে বসে স্থানীয়দের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন। হঠাৎ গুলির শব্দ শুনে স্থানীয়রা ও পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। সেখানে তাকে বেঞ্চের পাশে পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার জাহিদ জানিয়েছেন, দুর্বৃত্তদের গুলিতে আক্তার ঢালী নিহত হয়েছেন। কারা এবং কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা পুলিশ খতিয়ে দেখছে। উল্লেখ্য, এর আগে জয় ঢালী হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের মা নাসিমা বেগম বাদী হয়ে ১৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন। চলতি বছর খুলনা জেলার ৯টি থানায় মোট ৩৫টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, যার মধ্যে রূপসা উপজেলাতেই হয়েছে ১২টি।
আপনার মতামত লিখুন :