Facebook Twitter Instagram YouTube

ফতুল্লায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি শ্রমিক লীগ নেতা পলাশ গ্রেপ্তার


প্রকাশের সময় : জুলাই ২৪, ২০২৬, ২:২৩ অপরাহ্ণ /
ফতুল্লায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি শ্রমিক লীগ নেতা পলাশ গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যা মামলার এজাহারভুক্ত অন্যতম আসামি পারুল হোসেন পলাশকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ জুলাই) দিবাগত রাতে ফতুল্লার দক্ষিণ সেহাচর লালখা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত পলাশ স্থানীয় শ্রমিক লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে নিশ্চিত করেছে পুলিশ।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম জানান, সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণের ভিত্তিতে পারুল হোসেন পলাশকে গ্রেপ্তার করা হয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতা নিহতের ঘটনায় তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে। গ্রেপ্তার পলাশ ফতুল্লার সেহাচর লালখা এলাকার শুক্কুর মুন্সির ছেলে। আওয়ামী লীগ সরকারের আমলে এলাকায় প্রভাব বিস্তার করতে পলাশ কখনো শাহ-নিজাম আবার কখনো শ্রমিক লীগ নেতা কাউসার আহমেদ পলাশের অনুসারী হিসেবে নিজেকে পরিচয় দিতেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এদিকে পলাশ গ্রেপ্তার হলেও তার ভাই কালাম ও ছেলে রাকিব এখনো পলাতক রয়েছেন, যা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা চলছে। তাদের বিরুদ্ধেও ছাত্র-জনতা হত্যার অভিযোগে একাধিক মামলা রয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পলাশের ছেলে রাকিব চিহ্নিত সন্ত্রাসী আজমেরী ওসমানের কথিত ক্যাডার নাসিরের সহযোগী হিসেবে এলাকায় প্রভাব খাটাতেন। তার বিরুদ্ধে কিশোর গ্যাং পরিচালনা, মাদক ব্যবসা, ছিনতাই ও চাঁদাবাজির মতো নানা অপরাধের অভিযোগ রয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর রাকিব স্থানীয় বিএনপির একটি বলয়ের সঙ্গে সখ্য গড়ে তুলে নিজের অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। তবে এসব অভিযোগের বিষয়ে রাকিবের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার পারুল হোসেন পলাশের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর তদন্ত চলছে এবং তাকে আদালতে পাঠানোর আইনি প্রক্রিয়া প্রক্রিয়াধীন। ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলম বলেন, অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ সক্রিয় ভূমিকা পালন করছে। এই মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারেও পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh