
২০২৬ ফিফা বিশ্বকাপে নতুনত্বের ছোঁয়া হিসেবে যুক্ত হয়েছে এক ব্যতিক্রমী উদ্যোগ। প্রথমবারের মতো বিশ্বকাপজয়ী দলকে ট্রফি ও স্বর্ণপদকের পাশাপাশি দেওয়া হবে বিশেষ ‘চ্যাম্পিয়নশিপ রিং’ বা আংটি। মার্কিন ক্রীড়াঙ্গনে এনএফএলের সুপার বোলজয়ীদের আংটি প্রদানের যে দীর্ঘদিনের ঐতিহ্য রয়েছে, সেই সংস্কৃতিই এবার ফিফার প্রতিযোগিতায় নিয়ে আসা হচ্ছে।
আগামী ২০ জুলাই বাংলাদেশ সময় রাত ১টায় নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ফাইনাল। শিরোপার এই লড়াইয়ে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপীয় শক্তি স্পেন। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী দলের অধিনায়ক ও প্রধান কোচের হাতে প্রতীকী বা অস্থায়ী আংটি তুলে দেওয়া হবে। পরে চ্যাম্পিয়ন দলের জন্য নির্ধারিত ৩০টি আংটি ব্যক্তিগত মাপ অনুযায়ী তৈরি করে আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হবে।
এই বিশেষ আংটিগুলোর নকশা ও প্রস্তুতির বিষয়েও বিস্তারিত জানানো হয়েছে। আংটির এক পাশে থাকবে বিশ্বকাপ ট্রফির নকশা এবং অন্য পাশে চ্যাম্পিয়ন দলের পরিচয় ও অর্জনের স্মারক। প্রতিটি আংটি হবে স্বতন্ত্র নম্বরযুক্ত এবং সংশ্লিষ্ট ব্যক্তির আঙুলের মাপ অনুযায়ী বিশেষভাবে প্রস্তুত করা হবে। প্রতিটি আংটির সঙ্গে দেওয়া হবে সত্যায়নপত্রও।
বিশ্বকাপ উপলক্ষ্যে মোট ২ হাজার ২৬টি চ্যাম্পিয়নশিপ রিং তৈরি করা হবে। এর মধ্যে বিশ্বচ্যাম্পিয়ন দলের সদস্যদের জন্য ৩০টি আংটি বরাদ্দ থাকবে। বাকি ১ হাজার ৯৯৬টি আংটি বিশ্বের বিভিন্ন প্রান্তের সমর্থকদের জন্য বিক্রির ব্যবস্থা করা হবে।
আপনার মতামত লিখুন :