Facebook Twitter Instagram YouTube

পোশাক শিল্প দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি: মির্জা ফখরুল


প্রকাশের সময় : জুলাই ১৮, ২০২৬, ৩:৩৫ অপরাহ্ণ /
পোশাক শিল্প দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের পোশাক খাতের প্রসারে যে যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করেছিলেন, আজ তারই ধারাবাহিকতায় এই শিল্প বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তিতে পরিণত হয়েছে। শুক্রবার বিকেলে রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে বাংলাদেশ অ্যাপারেল জেনারেল ম্যানেজারস অ্যাসোসিয়েশন (বাগমা) আয়োজিত ‘বাগমা অ্যানুয়াল প্রোগ্রাম ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এবারের অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল ‘আরএমজি ৩৬০ ডিগ্রি: চ্যালেঞ্জ অ্যান্ড অপরচুনিটি’।”

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় শক্তি হলো তাদের উদ্ভাবনী ক্ষমতা ও কঠোর পরিশ্রম করার মানসিকতা। তিনি আরও বলেন, সঠিক পরিকল্পনা ও উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা গেলে এ দেশের মানুষ যেকোনো চ্যালেঞ্জ জয় করতে পারে। এই সত্যটি অনুধাবন করেই শহীদ জিয়াউর রহমান দেশের পোশাক খাতকে শক্তিশালী করার প্রথম পদক্ষেপ নিয়েছিলেন।

বিগত সরকারের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, পূর্ববর্তী প্রশাসনের সময়ে দেশের শিল্প খাতে নানা ধরনের অনিয়ম ও সংকট তৈরি হয়েছে। বর্তমান সরকার শিল্প ও অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এই খাত দ্রুতই সব সংকট কাটিয়ে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে যমুনা গ্রুপের প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) আব্দুল হাকিম বলেন, দেশের পোশাকশিল্পের টেকসই প্রবৃদ্ধির জন্য দক্ষ মানবসম্পদ গড়ে তোলা অত্যন্ত জরুরি। বাগমা দক্ষ জেনারেল ম্যানেজার তৈরির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সেমিনারে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ গার্মেন্ট বায়িং হাউস অ্যাসোসিয়েশনের (বিজিবিএ) সভাপতি আব্দুল হামিদ পিন্টু, বিটিএমএর সভাপতি শওকত আজিজ রাসেল এবং বিজিএমইএর প্রতিনিধি ও ইমপ্রেস নিউটেক্সের পরিচালক নাসির উদ্দৌলা। বক্তারা দেশের শিল্প খাতের বর্তমান প্রধান সংকট হিসেবে গ্যাস সরবরাহের ঘাটতিকে চিহ্নিত করেন। তারা বলেন, গ্যাসের তীব্র সংকটের কারণে তৈরি পোশাক কারখানাগুলো নানা সমস্যার মুখোমুখি হচ্ছে। এই খাতের বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করার তাগিদ দেন তারা।

এর আগে বিকেল ৪টায় অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাগমোর প্রধান উপদেষ্টা ওমর ফারুক সিদ্দিকী। সংগঠনটির সভাপতি মো. জোবায়ের পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ও বাগমা ইনস্টিটিউটের চেয়ারম্যান পারভেজ লাবু এবং সিনিয়র সহসভাপতি মো. আসাদুজ্জামান। অনুষ্ঠানে বিদেশি কূটনীতিক, দেশের শীর্ষস্থানীয় পোশাকশিল্পের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh