Facebook Twitter Instagram YouTube

চীনের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করবে বাংলাদেশ: মির্জা ফখরুল


প্রকাশের সময় : জুলাই ১৮, ২০২৬, ৪:২১ অপরাহ্ণ /
চীনের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করবে বাংলাদেশ: মির্জা ফখরুল

বাংলাদেশের জাতীয় স্বার্থে চীনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী ও গভীর করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার রাজধানীর হোটেল সোনারগাঁয়ের পদ্মা হলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন আয়োজিত ‘লং লিভ বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ ও চীনের সম্পর্ক ঐতিহাসিকভাবে গভীর এবং সময়ের পরিক্রমায় তা বহুমাত্রিক রূপ নিয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনামলে এই সম্পর্কের শক্ত ভিত্তি তৈরি হয়েছিল এবং পরবর্তীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চীন সফর একে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমানে এই সম্পর্ক কেবল রাষ্ট্রীয় পর্যায়ে সীমাবদ্ধ নেই; শিক্ষা, ব্যবসা-বাণিজ্য, প্রযুক্তি এবং জনগণের পারস্পরিক যোগাযোগের ক্ষেত্রেও এর বিস্তৃতি ঘটেছে। অনেক শিক্ষার্থী চীনে উচ্চশিক্ষা গ্রহণ করছেন এবং উদ্যোক্তারা আধুনিক প্রযুক্তি দেশে এনে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছেন বলে তিনি উল্লেখ করেন।

মন্ত্রী আরও বলেন, বিজ্ঞান, অর্থনীতি ও প্রযুক্তিতে চীনের অভূতপূর্ব অগ্রগতি বাংলাদেশের জন্য বড় সম্ভাবনা। চীনের প্রযুক্তি ও বিনিয়োগকে কার্যকরভাবে কাজে লাগাতে পারলে দেশের উন্নয়ন আরও গতিশীল হবে। তিনি জানান, বিএনপির সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির দীর্ঘদিনের রাজনৈতিক যোগাযোগ রয়েছে, যা বিরোধী দলে থাকাকালেও বজায় ছিল। তিনি বাংলাদেশের জাতীয় স্বার্থে চীনের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার পাশাপাশি ভারত, ইউরোপ ও যুক্তরাষ্ট্রের মতো দেশগুলোর সঙ্গেও ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় চীন একটি গুরুত্বপূর্ণ অংশীদার। তিনি বাণিজ্য সম্প্রসারণ, চীন-মিয়ানমার-বাংলাদেশ সড়ক যোগাযোগ এবং রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ সমাধানে চীনের সক্রিয় ভূমিকার ওপর জোর দেন।

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, চীনের পক্ষ থেকে বাংলাদেশের সঙ্গে ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বিশেষ আগ্রহ রয়েছে। তিনি দ্বিপাক্ষিক সহযোগিতা অব্যাহত রাখার পাশাপাশি রোহিঙ্গা সংকটের সমাধানে চীনের সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল হক নান্নুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতসহ অন্যান্যরা।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin