Facebook Twitter Instagram YouTube

সাত জেলায় বন্যায় ৫১ জনের মৃত্যু: কক্সবাজারে প্রাণহানি সর্বোচ্চ


প্রকাশের সময় : জুলাই ১২, ২০২৬, ৮:০২ অপরাহ্ণ /
সাত জেলায় বন্যায় ৫১ জনের মৃত্যু: কক্সবাজারে প্রাণহানি সর্বোচ্চ

টানা ভারী বৃষ্টিপাত, পাহাড়ি ঢল এবং পাহাড়ধসের কারণে দেশের সাতটি জেলায় বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্যমতে, বন্যা ও সংশ্লিষ্ট বিভিন্ন দুর্ঘটনায় এখন পর্যন্ত ৫১ জনের মৃত্যু হয়েছে এবং আরও ৩৯ জন আহত হয়েছেন।

রোববার (১২ জুলাই) দুপুর সাড়ে ১২টা পর্যন্ত হালনাগাদ করা তথ্যে জানা যায়, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার ৫৮টি উপজেলা, ৩৮৬টি ইউনিয়ন এবং ১১টি পৌরসভা বন্যাকবলিত হয়ে পড়েছে। বন্যায় মোট ১০ লাখ ২২ হাজার ৯৬৩ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং ২ লাখ ৬৭ হাজার ৯১৮টি পরিবারের সদস্য বর্তমানে পানিবন্দি অবস্থায় রয়েছেন। দুর্গতদের সহায়তায় ১ হাজার ১৩১টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, যেখানে ৪৪ হাজার ৪৫৭ জন মানুষ আশ্রয় নিয়েছেন।

সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে কক্সবাজার জেলায়। সেখানে মোট ২৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, যাদের মধ্যে ১৫ জন স্থানীয় এবং ১৩ জন রোহিঙ্গা। এছাড়া জেলায় ২৪ জন আহত হয়েছেন এবং একজন নিখোঁজ রয়েছেন। অন্যান্য জেলার মধ্যে চট্টগ্রামে ১৩ জন, বান্দরবানে ৬ জন, রাঙামাটিতে ৩ জন এবং মৌলভীবাজারে ১ জনের মৃত্যু হয়েছে।

ক্ষয়ক্ষতির দিক থেকে চট্টগ্রাম জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই জেলার ১৬টি উপজেলায় প্রায় ৫ লাখ ৯৫ হাজার মানুষ বন্যার শিকার হয়েছেন এবং ১ লাখ ৪৭ হাজার ৫০০ পরিবার পানিবন্দি রয়েছে। কক্সবাজারে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ১ লাখ ৫৮ হাজারের বেশি।

সরকারের পক্ষ থেকে ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে, বন্যাকবলিত সাত জেলার জন্য ১ কোটি ৭৫ লাখ টাকা এবং ৩ হাজার ২৫০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া দেশের ৬৪ জেলার জন্য ৪ কোটি ৬০ লাখ টাকা এবং ৮ হাজার ৯৫০ মেট্রিক টন চাল প্রস্তুত রাখা হয়েছে, যাতে যেকোনো প্রয়োজনে দ্রুত সহায়তা দেওয়া সম্ভব হয়। জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলো সমন্বিতভাবে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে এবং শুকনা খাবার, চাল ও নগদ অর্থসহ জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করা হচ্ছে।