Facebook Twitter Instagram YouTube

শরীয়তপুরে শিক্ষা কর্মকর্তাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যাচেষ্টা, শিক্ষক আটক


প্রকাশের সময় : জুলাই ১২, ২০২৬, ৮:৩১ অপরাহ্ণ /
শরীয়তপুরে শিক্ষা কর্মকর্তাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যাচেষ্টা, শিক্ষক আটক

শরীয়তপুরের গোসাইরহাটে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে। রোববার দুপুরে গোসাইরহাট উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে এই হামলার ঘটনা ঘটে। অভিযুক্ত বিএম জসিম উপজেলার আলাউলপুর ইউনিয়নের চর জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। ঘটনার পরপরই পুলিশ তাকে আটক করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দুপুরে রেইনকোট, মুখে মাস্ক ও চোখে সানগ্লাস পরিহিত অবস্থায় বিএম জসিম উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে প্রবেশ করেন। এরপর তিনি নিজের ব্যাগের ভেতর থেকে একটি কুড়াল বের করে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা শাকিল আহমেদের ওপর হামলা চালান। হামলায় শাকিল আহমেদ আহত হন। অফিসের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা তাৎক্ষণিক এগিয়ে এসে তাকে উদ্ধার করেন এবং অভিযুক্ত শিক্ষককে আটকে রেখে পুলিশে খবর দেন। গোসাইরহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।

আহত শাকিল আহমেদ জানান, বিএম জসিমের বিভিন্ন অনিয়মের বিষয়ে তাকে একাধিকবার সতর্ক ও জবাবদিহির আওতায় আনার চেষ্টা করেছিলেন তিনি। সেই ক্ষোভ থেকেই এই পরিকল্পিত হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি। বর্তমানে তিনি থানায় অবস্থান করছেন এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান।

এদিকে, হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে অভিযুক্ত শিক্ষক বিএম জসিমকে অসংলগ্ন কথাবার্তা বলতে দেখা গেছে। ভিডিওতে তিনি দাবি করেন, তিনি সকালে টাইগার পান করেছেন এবং আর্জেন্টিনার খেলা দেখেছেন, এরপর কী হয়েছে তা তিনি জানেন না। তিনি আরও দাবি করেন যে তিনি কুড়াল আনেননি এবং তাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হচ্ছে। গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন নিশ্চিত করেছেন যে, অভিযুক্ত শিক্ষককে হেফাজতে নেওয়া হয়েছে এবং লিখিত অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।