
রাজধানীর পল্লবী থানায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামসহ পাঁচজনের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার গাড়িচালক ওবায়দুর রহমান বাদী হয়ে এই মামলাটি করেন। মামলায় ওবায়দুর অভিযোগ করেছেন যে, তাকে মারধর ও শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয়েছে।
মামলার এজহারে ওবায়দুর রহমান উল্লেখ করেছেন যে, তিনি পল্লবীর কালশী এলাকার ‘রোজ গার্ডেন টাওয়ার’-এ তার বোনের বাসায় থাকতেন এবং গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত গাড়িচালক হিসেবে কাজ করতেন। আত্মীয়তার সূত্রে নজরুল ইসলাম ওই বাসায় নিয়মিত যাতায়াত করতেন। এক পর্যায়ে নজরুল ইসলামের সঙ্গে ওবায়দুরের ভাগ্নির অনৈতিক সম্পর্ক গড়ে উঠলে ওবায়দুর তার পরিবারকে বিষয়টি জানান এবং নজরুলকে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার অনুরোধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে নজরুল ইসলাম তাকে প্রাণনাশের হুমকি দেন।
এজহারে আরও বলা হয়েছে, সম্প্রতি মগবাজারের একটি চক্র নজরুল ইসলাম ও তার ভাগ্নির কিছু অপ্রীতিকর ভিডিও সংগ্রহ করে ব্ল্যাকমেইল শুরু করে। নজরুল ইসলামের ধারণা হয়, ওবায়দুরই এই ভিডিওগুলো ধারণ করে সংবাদমাধ্যম ও ওই চক্রের হাতে তুলে দিয়েছেন। এই বিরোধের জের ধরে গত ১৪ই জুলাই নজরুল ইসলামের নির্দেশে অন্য আসামিরা তার ওপর হামলা চালায়।
এই মামলার অন্য আসামিরা হলেন—মাসুম বিল্লাহ (৪১), মোতাসিম বিল্লাহ (২৫) ও রাকিবুল হাসান (৩০)। ঘটনার প্রেক্ষিতে আমিনুর রহমান নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা পুলিশের (ডিবি) পল্লবী জোনের এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা রাকিবুল হুদা আটক আমিনুরকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।
প্রসিকিউশন বিভাগের এসআই সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে আগামী ২৪ আগস্টের মধ্যে মামলার প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
আপনার মতামত লিখুন :