Facebook Twitter Instagram YouTube

ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার আশঙ্কায় বিশ্ববাজারে কমলো তেলের দাম


প্রকাশের সময় : আগস্ট ২৪, ২০২৬, ৯:০৬ পূর্বাহ্ণ /
ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার আশঙ্কায় বিশ্ববাজারে কমলো তেলের দাম

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞার আশঙ্কায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার এশিয়ার বাজারে লেনদেন শুরুর পরপরই তেলের দামে এই পতন লক্ষ করা যায়। বিনিয়োগকারীরা এখন ওয়াশিংটনের পরবর্তী পদক্ষেপের দিকে গভীর নজর রাখছেন।

যুক্তরাজ্যভিত্তিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, সোমবার সকালে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের মানদণ্ড ব্রেন্ট ক্রুডের মূল্য ১ শতাংশের বেশি হ্রাস পেয়ে ব্যারেলপ্রতি ৯৩ দশমিক ৪৫ ডলারে নেমে আসে। একই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দামও ১ শতাংশের বেশি কমে দাঁড়ায় ব্যারেলপ্রতি ৮৬ দশমিক ১৪ ডলারে।

বাজারের এই নিম্নমুখী প্রবণতার পেছনে রয়েছে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টের সাম্প্রতিক বক্তব্য। তিনি জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে একটি কঠোর অর্থনৈতিক পদক্ষেপের ‘অর্থনৈতিক ডি-ডে’ বা চূড়ান্ত সময় ঘনিয়ে আসছে। সোমবার বিকেলেই একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে এই নতুন নিষেধাজ্ঞাগুলোর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার কথা রয়েছে তাঁর।

বাজার বিশ্লেষক ও বিনিয়োগকারীদের ধারণা, ইরানের ওপর আরোপিত হতে যাওয়া এই নতুন নিষেধাজ্ঞার ধরন এবং তা বিশ্ব অর্থনীতিতে কী ধরনের প্রভাব ফেলবে, সে সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ পেলে তেলের বাজারের পরবর্তী গতিপথ আরও স্পষ্ট হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor