Facebook Twitter Instagram YouTube

সাভারের বন্ধ ট্যানারি সচল করতে সহায়তা দেবে সরকার


প্রকাশের সময় : নভেম্বর ১১, ২০২৬, ২:২১ অপরাহ্ণ / ০
সাভারের বন্ধ ট্যানারি সচল করতে সহায়তা দেবে সরকার

সাভার চামড়া শিল্পনগরীতে স্থানান্তরের পর অচল হয়ে পড়া ট্যানারিগুলোকে নতুন করে উৎপাদনে ফেরাতে প্রয়োজনীয় কারিগরি ও আর্থিক সহায়তা দেবে সরকার। একই সঙ্গে চামড়াশিল্পের আন্তর্জাতিক প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে পরিবেশগত মান নিশ্চিত করা, বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং আন্তর্জাতিক সনদের অর্জনের ওপর বিশেষ নজর দেওয়া হচ্ছে। তবে পরিবেশগত নিয়মকানুন মেনে চলতে ব্যর্থ কোনো ট্যানারিকে কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়া হবে না।

রাজধানীর শেরাটন হোটেলে আয়োজিত ‘বাংলাদেশ-নেদারল্যান্ডস টেকসই বাণিজ্য ফোরাম ২০২৬ এবং সিবিআই হোম টেক্সটাইল ও লেদার কর্মসূচির উদ্বোধন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এসব সিদ্ধান্তের কথা জানান। বুধবার (১১ নভেম্বর) উন্নয়নশীল দেশ থেকে আমদানি উন্নয়ন কেন্দ্র (সিবিআই) এবং লাইটক্যাসেল পার্টনার্স যৌথভাবে এই বাণিজ্য ফোরামের আয়োজন করে।

বাণিজ্যমন্ত্রী উল্লেখ করেন, চামড়া ও চামড়াজাত পণ্য রফতানিতে বাংলাদেশের অপার সম্ভাবনা রয়েছে। গত বছর লেদার ও নন-লেদার খাত থেকে প্রায় ১ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রফতানি করা হয়েছে। এ ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের একটি সম্ভাবনাময় ও গুরুত্বপূর্ণ বাজার। পাশাপাশি প্রতিবেশী ভারতও বাংলাদেশের চামড়াজাত পণ্যের প্রধান রফতানি গন্তব্য হিসেবে স্থান করে নিয়েছে। আন্তর্জাতিক বাজারের চাহিদা ও পরিবেশগত মানদণ্ড বজায় রেখে উৎপাদন অব্যাহত রাখার তাগিদ দেন তিনি।

হাজারীবাগ থেকে সাভারের হেমায়েতপুরে ট্যানারি স্থানান্তরের দীর্ঘসূত্রতা এই শিল্পের সামগ্রিক অগ্রগতিকে ধীরগতির করেছে বলে মনে করেন মন্ত্রী। এই জটিলতা কাটাতে বিদ্যমান সমস্যাগুলোর সমাধানে সরকার কার্যকর উদ্যোগ নিচ্ছে বলে জানান তিনি। সাভারে যেসব ট্যানারি এখনো উৎপাদনে যেতে পারেনি, সেগুলোকে আর্থিক ও কারিগরি সহায়তার মাধ্যমে উৎপাদনে আনা হবে।

পরিবেশ সুরক্ষায় কড়া বার্তা দিয়ে মন্ত্রী জানান, ৫০ হাজার বর্গফুট বা তার চেয়ে বড় আয়তনের প্রতিটি কারখানায় নিজস্ব তরল বর্জ্য শোধনাগার (ইটিপি) স্থাপন করা বাধ্যতামূলক। সাভারের প্রতিটি ট্যানারিকে আন্তর্জাতিক লেদার ওয়ার্কিং গ্রুপের (এলডব্লিউজি) সনদ অর্জন করতে হবে এবং পরিবেশগত বিধিবিধান অনুসরণে কোনো প্রকার শিথিলতা দেখানো হবে না। এ ছাড়া সাভার চামড়া শিল্পনগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের (সিইটিপি) সক্ষমতা বৃদ্ধি এবং উন্নত ক্রোমিয়াম পুনরুদ্ধার ইউনিট স্থাপনের কাজ চলছে, যা বাস্তবায়িত হলে আন্তর্জাতিক বাজারে দেশীয় চামড়াশিল্পের অবস্থান আরও শক্ত হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din