
বিদ্যমান অর্থবছরের সময়কাল পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (১৭ আগস্ট) অনুষ্ঠিত মন্ত্রিসভার ১৭তম বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। সচিবালয়ে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মন্ত্রিসভার সিদ্ধান্তের বিষয়টি পরে মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে।
বর্তমানে বাংলাদেশে অর্থবছর ১ জুলাই থেকে ৩০ জুন পর্যন্ত গণনা করা হয়। এই বর্তমান পদ্ধতির কারণে বর্ষাকালে, অর্থাৎ জুলাই-আগস্ট মাসে অবকাঠামো উন্নয়ন কার্যক্রম পরিচালনা করতে হয়। বর্ষার কারণে উন্নয়নমূলক কাজ দীর্ঘায়িত হওয়ার পাশাপাশি কাজের গুণগত মান ক্ষতিগ্রস্ত হয় এবং জনদুর্ভোগ সৃষ্টি হয়। এই সমস্যা সমাধানে নতুন সময়কাল নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এপ্রিল থেকে মার্চ মাস পর্যন্ত সময়কে অর্থবছর হিসেবে নির্ধারণ করা হবে। এতে করে বর্ষা মৌসুমের আগেই অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এই রূপান্তরের অংশ হিসেবে ২০২৭-২৮ অর্থবছরকে ৯ মাসের অন্তর্বর্তীকালীন বা ট্রানজিশনাল অর্থবছর হিসেবে গণ্য করা হবে, যা জুলাই থেকে মার্চ পর্যন্ত কার্যকর থাকবে। এরপর ২০২৮-২৯ অর্থবছর থেকে এপ্রিল-মার্চ সময়কালকে নতুন অর্থবছর হিসেবে পূর্ণাঙ্গভাবে কার্যকর করা হবে।
এই পরিবর্তনের কর্মপন্থা নির্ধারণের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ, বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ এবং অর্থ বিভাগের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হবে। এই পরিবর্তনের জন্য বাংলাদেশের সংবিধান এবং জেনারেল ক্লজেস অ্যাক্ট, ১৮৯৭-এ প্রয়োজনীয় সংশোধনী আনতে হবে। এছাড়া সরকারের আর্থিক ব্যবস্থাপনার সাথে যুক্ত বিভিন্ন সিস্টেমে প্রযুক্তিগত পরিবর্তনেরও প্রয়োজন হবে।
আপনার মতামত লিখুন :