Facebook Twitter Instagram YouTube

হাটহাজারীতে ধাওয়া করে তরুণকে গুলি, এলাকায় আতঙ্ক


প্রকাশের সময় : আগস্ট ১৭, ২০২৬, ৭:৩৫ অপরাহ্ণ /
হাটহাজারীতে ধাওয়া করে তরুণকে গুলি, এলাকায় আতঙ্ক

চট্টগ্রামের হাটহাজারীতে এক তরুণকে গুলি করে পালিয়ে গেছে কয়েকজন অস্ত্রধারী। সোমবার বিকেল চারটার দিকে উপজেলার দক্ষিণ মাদার্শা ইউনিয়নের বড়ুয়াপাড়া হ্যাচারি এলাকায় এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ তরুণের নাম মুহাম্মদ আরাফাত (২৬), তিনি পাশের বুড়িশ্চর ইউনিয়নের আব্দুর রশিদ টেন্ডলের বাড়ির বাসিন্দা। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই হামলাকারীরা পালিয়ে যায়।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মদুনাঘাট বাজার থেকে কয়েকজন অস্ত্রধারী আরাফাতকে ধাওয়া করে। প্রায় আধা কিলোমিটার দূরে বড়ুয়াপাড়া হ্যাচারি এলাকায় তাকে ধরে গুলি করে হামলাকারীরা পালিয়ে যায়। গুলির শব্দে আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

দক্ষিণ মাদার্শা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মুহাম্মদ নাজিম উদ্দিন জানান, গুলির শব্দ ও স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। সেখানে কাউকে পাননি। পরে স্থানীয় লোকজনের কাছ থেকে জানতে পারেন, মদুনাঘাটের আরাফাত নামের এক তরুণকে গুলি করে কয়েকজন ব্যক্তি পালিয়ে গেছে। স্থানীয় বিরোধকে কেন্দ্র করে এই গুলির ঘটনা ঘটতে পারে বলে তার ধারণা।

ঘটনাস্থল থেকে প্রায় আধা কিলোমিটার দূরে মদুনাঘাট পুলিশ ফাঁড়ির পরিদর্শক ইব্রাহিম আহমেদ বিকেল সাড়ে চারটার দিকে জানান, গুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। গুলিবিদ্ধ একজনকে স্থানীয় লোকজন হাসপাতালে নিয়ে গেছেন। ঘটনাটি সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগের রেজিস্ট্রার উপল চৌধুরী জানান, আরাফাত নামের একজন ওয়ার্ডে ভর্তি আছেন। তার মুখে গুলি লেগেছে। সেটি গুরুতর নয়। এটি রাবার বুলেট বা ছররা গুলি হতে পারে। শরীরের অন্য কোথাও জখম নেই।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo