Facebook Twitter Instagram YouTube

মুক্তিযুদ্ধে শহীদদের সঠিক ও পূর্ণাঙ্গ তালিকা তৈরির উদ্যোগ নিয়েছে সরকার


প্রকাশের সময় : জুলাই ১৫, ২০২৬, ৭:৩১ অপরাহ্ণ /
মুক্তিযুদ্ধে শহীদদের সঠিক ও পূর্ণাঙ্গ তালিকা তৈরির উদ্যোগ নিয়েছে সরকার

মহান মুক্তিযুদ্ধে শহীদদের একটি নির্ভুল, গ্রহণযোগ্য ও পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের লক্ষ্যে কাজ শুরু করেছে বর্তমান সরকার। বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এ তথ্য নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী। তিনি জানান, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ইতোমধ্যে এ সংক্রান্ত বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।

প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধে অগণিত মানুষ শহীদ হয়েছেন। তবে স্বাধীনতার পর যারা শহীদদের তালিকা তৈরির দায়িত্বে ছিলেন, তারা সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারেননি। বরং তৎকালীন তালিকা প্রণয়নের প্রক্রিয়ায় রাজনৈতিক প্রভাব যুক্ত হয়েছিল। বর্তমান সরকার নির্বাচনী ইশতেহারে গবেষণাভিত্তিক একটি সঠিক ও পূর্ণাঙ্গ তালিকা তৈরির প্রতিশ্রুতি দিয়েছিল, যা এখন বাস্তবায়নের পথে।

সংসদের প্রশ্নোত্তর পর্বে চট্টগ্রাম সমুদ্রবন্দরের সক্ষমতা বৃদ্ধির বিষয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি জানান, বন্দরের সক্ষমতা বাড়াতে বে-টার্মিনাল বাস্তবায়নের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। এটি চালু হলে বড় আকারের মাদার ভেসেল সরাসরি বন্দরে ভিড়তে পারবে, যা আমদানি-রপ্তানি কার্যক্রমকে আরও গতিশীল করবে। এ সময় তিনি আরও বলেন, চট্টগ্রাম বন্দরের কোনো কাজে দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে তা তদন্ত করে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধে সরকার বদ্ধপরিকর।

এছাড়া, ভবিষ্যতে ‘প্রধানমন্ত্রী গোল্ডকাপ’ টুর্নামেন্ট পুনরায় চালু করার পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী। তিনি উল্লেখ করেন, এই টুর্নামেন্টে প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাও অংশগ্রহণের সুযোগ পাবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin