Facebook Twitter Instagram YouTube

ভাঙ্গুড়ায় ৯৯টি প্রাথমিক বিদ্যালয়ের ৬০টিতেই নেই প্রধান শিক্ষক


প্রকাশের সময় : নভেম্বর ২৩, ২০২৬, ৯:২৭ পূর্বাহ্ণ / ০
ভাঙ্গুড়ায় ৯৯টি প্রাথমিক বিদ্যালয়ের ৬০টিতেই নেই প্রধান শিক্ষক

পাবনার ভাঙ্গুড়া উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক সংকট দিন দিন প্রকট রূপ নিচ্ছে। উপজেলার মোট ৯৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৬০টিতেই কোনো নিয়মিত প্রধান শিক্ষক নেই। এর পাশাপাশি দীর্ঘদিন ধরে ৩১টি সহকারী শিক্ষকের পদও শূন্য হয়ে পড়ে আছে। এতে করে একদিকে যেমন বিদ্যালয়গুলোর প্রশাসনিক কার্যক্রম ভেঙে পড়ার উপক্রম হয়েছে, অন্যদিকে কোমলমতি শিক্ষার্থীদের স্বাভাবিক পাঠদান নিশ্চিত করা নিয়েও চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে।

বিদ্যালয়গুলোতে নিয়মিত প্রধান শিক্ষক না থাকায় সিংহভাগ প্রতিষ্ঠানে সহকারী শিক্ষকদের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অতিরিক্ত দায়িত্ব সামলাতে হচ্ছে। ফলে শ্রেণিকক্ষে পাঠদানের পাশাপাশি দাপ্তরিক কাজ পরিচালনা, বিদ্যালয় ব্যবস্থাপনা ও প্রশাসনিক বিভিন্ন দায়িত্ব পালন করতে গিয়ে সহকারী শিক্ষকরা হিমশিম খাচ্ছেন। নিয়মিত তদারকি কমে যাওয়ায় শিক্ষার্থীদের শিক্ষার মান ও পরিবেশ বজায় রাখা কঠিন হয়ে পড়েছে।

প্রাথমিক শিক্ষা বিভাগের সরকারি বিধি অনুযায়ী, প্রধান শিক্ষকের মোট শূন্য পদের ৮০ শতাংশ পদোন্নতির মাধ্যমে পূরণের বাধ্যবাধকতা রয়েছে। তবে দীর্ঘ সময় ধরে পদোন্নতি সংক্রান্ত কার্যক্রম বন্ধ থাকায় এই পদগুলো খালিই রয়ে গেছে। উপরন্তু, প্রতি বছর শিক্ষকদের স্বাভাবিক অবসরে যাওয়ার কারণে এই সংকট আরও বেশি তীব্র হচ্ছে।

উপজেলার একাধিক বিদ্যালয়ের শিক্ষক মো. মনিরুজ্জামান, ফিরোজ আহমেদ, মো. জাহাঙ্গীর আলম ও কানিজ ওয়ারেসী জানান, প্রধান শিক্ষক না থাকায় তাঁদের ওপর বাড়তি কাজের চাপ পড়ছে। এর সরাসরি প্রভাব পড়ছে স্বাভাবিক পাঠদান ও বিদ্যালয়ের দাপ্তরিক কর্মকাণ্ডে। শিক্ষার মান ও উপযুক্ত পরিবেশ বজায় রাখতে অতি দ্রুত শূন্য পদগুলোতে শিক্ষক নিয়োগ বা পদোন্নতি দেওয়া জরুরি বলে তাঁরা জানান।

শিক্ষক সংকটের এ বিষযে জানতে চাইলে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সেকেন্দার আলী জানান, উপজেলার বিদ্যালয়গুলোর শিক্ষক ঘাটতি ও সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে। সংশ্লিষ্ট শিক্ষক ও স্থানীয়দের দাবি, উপজেলার ৯৯টি বিদ্যালয়ের শিক্ষার স্বাভাবিক পরিবেশ ও গতিশীলতা ফিরিয়ে আনতে দ্রুততম সময়ে শূন্য পদে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক নিয়োগ বা পদোন্নতির কার্যকর পদক্ষেপ নিতে হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh