Facebook Twitter Instagram YouTube

গুলশান-বনানী পূজা ফাউন্ডেশনের নতুন কমিটি ঘোষণা


প্রকাশের সময় : জুলাই ২২, ২০২৬, ২:১৯ অপরাহ্ণ /
গুলশান-বনানী পূজা ফাউন্ডেশনের নতুন কমিটি ঘোষণা

রাজধানীর গুলশান ক্লাবে গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশনের (জিবিএসপিএফ) ১০ম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সংগঠনটির সেবামূলক কার্যক্রমের ১৮ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই সভায় ২০২৬-২০২৮ মেয়াদের জন্য নতুন নির্বাহী পরিষদ ঘোষণা করা হয়। গত ১৫ মে আয়োজিত এই সভার কার্যক্রম পবিত্র গীতা পাঠের মাধ্যমে শুরু হয়।

সভায় সাধারণ সম্পাদক বার্ষিক প্রতিবেদন এবং নিরীক্ষা প্রতিবেদন উপস্থাপন করেন, যা সাধারণ সদস্যদের অনুমোদনে গৃহীত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ. বি. এম. আব্দুস সাত্তার। এছাড়া প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও ক্ষুদ্র নৃগোষ্ঠী বিষয়ক বিশেষ সহকারী শ্রী বিজন কান্তি সরকার এবং হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান শ্রী তপন চন্দ্র মজুমদার অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে এ. বি. এম. আব্দুস সাত্তার বলেন, সরকার বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের সার্বিক কল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও বলেন, দেশের প্রতিটি হিন্দু নাগরিকের শান্তি, নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে বসবাসের অধিকার রয়েছে এবং সরকার সেই অধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর।

নির্বাচন কমিশন ২০২৬-২০২৮ মেয়াদের জন্য নতুন নির্বাহী পরিষদের নাম ঘোষণা করে। এতে সভাপতি হিসেবে শ্রী অলক সাহা, সাধারণ সম্পাদক হিসেবে শ্রী বিনয় গোপাল রায় এবং কোষাধ্যক্ষ হিসেবে শ্রী অপূর্ব কুমার সাহা নির্বাচিত হয়েছেন। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সদস্যদের প্রতি আস্থা রাখার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা ফাউন্ডেশনকে আরও আধুনিক, কার্যকর ও জনকল্যাণমুখী প্রতিষ্ঠানে রূপান্তরের পাশাপাশি সমাজের উন্নয়নমূলক কার্যক্রম আরও বিস্তৃত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। নতুন নির্বাহী পরিষদের সদস্যদের নিয়ে ছবি তোলার মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয় এবং পরবর্তীতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের আয়োজনের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor