
হবিগঞ্জ পৌর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। বুধবার জেলা ম্যাজিস্ট্রেট ড. জি এম সরফরাজ এ আদেশ জারি করেন। এর ফলে পৌর এলাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পাঁচ বা তার অধিক লোকের সমাবেশ, জনসভা, মাইকিং, মিছিল, শ্লোগান, পিকেটিং এবং যেকোনো ধরণের বিকট শব্দ উচ্চারণসহ আইন-শৃঙ্খলা বিঘ্নকারী কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে।
প্রশাসন সূত্রে জানা গেছে, বুধবার হবিগঞ্জ পৌর এলাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বিক্ষোভ সমাবেশ ও পথসভার কর্মসূচি ঘোষণা করেছিল। একই সময়ে ও একই স্থানে হবিগঞ্জ সদর উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং জেলা ছাত্রদল পাল্টা প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচির ডাক দেয়। উভয় দলের বিপুল সংখ্যক নেতাকর্মীর সমাগম হওয়ার আশঙ্কায় সংঘর্ষ, জানমালের ক্ষয়ক্ষতি এবং জনশান্তি বিনষ্টের ঝুঁকি তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন এই প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করেছে।
এর আগে, এনসিপির কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে দলটি বুধবার সারাদেশে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেয়। সেই কর্মসূচির অংশ হিসেবে বিকেলে হবিগঞ্জ পৌরসভা মাঠে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছিল। একই সময়ে বিএনপিসহ তাদের সহযোগী সংগঠনগুলোর কর্মসূচির ঘোষণায় শহরে উত্তজনা ছড়িয়ে পড়ে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসন শেষ পর্যন্ত ১৪৪ ধারা জারি করতে বাধ্য হয়েছে।
এর অংশ হিসেবে হবিগঞ্জ পৌরসভা মাঠে বিকেল ৩টায় বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেয় এনসিপি।
আপনার মতামত লিখুন :