
সৌদি আরবের পবিত্র মসজিদুল হারাম ও মসজিদে নববীতে আজ শুক্রবার (২৪ জুলাই) জুমার নামাজে ইমামতি করবেন দেশটির দুই প্রখ্যাত আলেম ও কারি। মক্কার পবিত্র মসজিদুল হারামে আজ জুমার নামাজে ইমামতি করবেন শায়খ ড. বানদার বালিলাহ। তিনি ১৯৭৫ সালে মক্কায় জন্মগ্রহণ করেন এবং উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামি আইন বিষয়ে স্নাতক ও ইসলামি ফিকহে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ২০০৮ সালে মদিনার ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে ইসলামি ফিকহে ডক্টরেট ডিগ্রি লাভ করা শায়খ বানদার ২০১৩ সালে মসজিদুল হারামের ইমাম হিসেবে নিয়োগ পান। এর আগে তিনি মক্কার বিভিন্ন মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করেছেন।
অন্যদিকে, মদিনার পবিত্র মসজিদে নববীতে আজ জুমার নামাজে ইমামতি করবেন শায়খ কারি আব্দুল মুহসিন ইবনে মুহাম্মাদ ইবনে আব্দুর রহমান আল-কাসিম। ১৯৬৭ সালে মক্কায় জন্মগ্রহণকারী শায়খ আল-কাসিম বর্তমানে মসজিদে নববীর ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি মদিনার শরিয়া আদালতের বিচারক হিসেবেও কর্মরত। ইমাম মুহাম্মাদ বিন সৌদ ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং ১৯৮৯ সালে তুলনামূলক ফিকহে স্নাতকোত্তর ও ১৯৯২ সালে ইসলামি ফিকহে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন তিনি। সুমধুর কোরআন তেলাওয়াতের জন্য বিশ্বজুড়ে সমাদৃত শায়খ আল-কাসিম সৌদি আরবের আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতায় দীর্ঘদিন বিচারকের দায়িত্ব পালন করছেন।
এর আগে গত শুক্রবার (১৭ জুলাই) মসজিদুল হারামে জুমার খুতবা ও ইমামতি করেছিলেন শায়খ ড. মাহের বিন হামাদ আল-মুয়াইক্লি। সে সময় সৌদি সরকারের বিশেষ ওমরাহ ও জিয়ারত কর্মসূচির আওতায় ১৬টি এশীয় দেশের ২৫০ জন অতিথি মসজিদুল হারামে জুমার নামাজ আদায় করেছিলেন। উল্লেখ্য, মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদে নববী—এই দুই মসজিদকে ইসলামের পবিত্রতম স্থান হিসেবে বিবেচনা করা হয় এবং সৌদি আরবের সরকারি ব্যবস্থাপনায় এগুলোকে দুই পবিত্র মসজিদ বা হারামাইন শরিফাইন বলা হয়।
আপনার মতামত লিখুন :